নর্থ সাউথে কী শিক্ষা দেওয়া হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে খুনের শিক্ষা দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্ন তুলেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘শোলাকিয়ার যুবকও নর্থ সাউথের। ওখানে কী শিক্ষা দেওয়া হচ্ছে, কী লেখাপড়া শেখানো হচ্ছে? ওখানে খুন করার শিক্ষা দেওয়া হচ্ছে? এর বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
গতকাল রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এক যৌথ সভায় নাসিম এসব কথা বলেন। আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদবিরোধী সমাবেশের কর্মসূচি রয়েছে ১৪ দলের। এ কর্মসূচি সফল করার লক্ষ্যেই এ যৌথ সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘টুপি, পাঞ্জাবি পরে মানুষকে হত্যা করা হচ্ছে। এটা কোন ধর্ম? ধর্মের নাম দিয়ে একাত্তরের পরাজিত শক্তিরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের তাগিদ দেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘কমিটি যেন আওয়ামী লীগের না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ওখানে মসজিদের ইমাম, পাশের স্কুলের শিক্ষকসহ সর্বসাধারণকে নিয়ে কমিটি করতে হবে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা বারবার পরাজিত হয়ে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে জঙ্গি হামলা, গুপ্তহত্যা করছে। এরা অন্য কেউ না, এরা দেশীয় শত্রু।
ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণ শাখার সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।