নর্থ সাউথে চার দিনের আন্তর্জাতিক ছায়া সংসদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বশান্তি পুনরায় প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘের সম্মেলন শুরু হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ)। আজ বুধবার বিকেলে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, কূটনীতি কোনো কঠিন বিষয় নয়। একজন সফল ও মহান কূটনীতিবিদ হতে হলে একটা ভালো মন থাকতে হয় এবং ভালো মানুষ হতে হয়।

গওহর রিজভী আরও বলেন, জাতিসংঘের মাধ্যমে এই পৃথিবীর সামষ্টিক জনগোষ্ঠীর নাগরিকেরা প্রতিফলিত হয়। তবে জাতিসংঘের সব সিদ্ধান্ত গৃহীত হয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে। তাই যতক্ষণ না পর্যন্ত জাতিসংঘের সব সদস্যের মতামত এতে প্রতিফলিত হবে, ততক্ষণ এর উদ্দেশ্য অর্জিত হবে না। পৃথিবীর অন্য অংশ কী ভাবছে, তা গুরুত্ব দিয়ে ভাবতে হবে। জাতিসংঘকে আরও কার্যকারী হতে হবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস ক্লাব আন্তর্জাতিক ছায়া সংসদের আয়োজন করেছে। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘বিশ্বশান্তি পুনঃপ্রতিষ্ঠা’। এবারের সম্মেলনে আফগানিস্তান, ভারত, নেপাল ও পাকিস্তান থেকে ৫০ জন প্রতিনিধিসহ দেশের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা এই সম্মেলনে বিশ্বশান্তি পুনঃপ্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিভিন্ন বৈশ্বিক বিষয়ের ওপর আলোচনা, বিতর্ক, নেতৃত্ব প্রদানে দক্ষতা, দলগত কাজ ও বক্তৃতায় অংশ নেবেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, মার্কিন দূতাবাসের রাজনীতি ও অর্থনীতিবিষয়ক কাউন্সেলর অ্যান্ড্রিয়া ব্রউইলটা প্রমুখ বক্তব্য দেন।