নর্থ সাউথে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) যথাযথ মর্যাদায় তিন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয় এবং স্বাধীনতা দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজির আহমেদ, এম এ কাশেম, সহ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস ইউ আহসান বক্তৃতা করেন। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর পারিসা শাকুর পরিচালিত অনুষ্ঠানে ৬৫ জন অভিভাবক মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে ২৬ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুরে মুক্তিযুদ্ধভিত্তিক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা হয়েছে আলোকসজ্জা। এ ছাড়া ২৫ মার্চ সন্ধ্যায় গণহত্যা দিবস স্মরণে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।