
ব্লগার রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদমান ইয়াসির মাহমুদকে (২০) ছয় দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ছাড়া বরগুনায় গ্রেপ্তার হওয়া নতুন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীকে রাজীব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজীব হত্যা মামলার তদন্তকারী সংস্থা ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন গতকাল বৃহস্পতিবার মুফতি জসীমকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। জসীম এখন বরগুনার কারাগারে আছেন।
এদিকে গত বুধবার রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হওয়া সাদমানকে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি। শুনানি শেষে আদালত তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সাদমানকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিমান্ডে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ব্লগার রাজীব হত্যার মূল পরিকল্পনাকারী রেদোয়ানুল আল আজাদ ওরফে রানাসহ বাকি আসামিদের ধরতে বুধবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, রাজীব হত্যায় সরাসরি জড়িত ছিলেন নয়জন। তাঁরা সবাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাঁদের মধ্যে এ পর্যন্ত ছয়জন ধরা পড়েছেন।
এ ঘটনায় এর আগে গ্রেপ্তার হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফয়সাল বিন নাঈম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান ওরফে অনিক (২৩), এহসান রেজা ওরফে রুম্মান (২৩), নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)। ডিবির জিজ্ঞাসাবাদে ও আদালতে দেওয়া জবানবন্দিতে তাঁরা বলেছেন, মহানবী (সা.) ও ধর্মের অবমাননা করে ব্লগে লেখালেখির কারণে একই বিশ্ববিদ্যালয়ের কথিত বড় ভাই রেদোয়ানুল আল আজাদ ওরফে রানার পরিকল্পনায় ও নেতৃত্বে তাঁরা রাজীবকে হত্যা করেন। ওই পাঁচ ছাত্রকে পরে নর্থ সাউথ ইউনিভার্সিটি বহিষ্কার করে। তাঁরা এখন কারাগারে আছেন।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীর পলাশনগরের নিজ বাসার কাছে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে (৩৪) চাপাতি দিয়ে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করা হয়।