নর্থ সাউথের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি সন্ত্রাসী উৎপাদনের ক্ষেত্র বলে যে অভিযোগ উঠেছে, এর সত্যতা যাচাইয়ের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য, ট্রাস্টি সদস্যদের ১৫ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদেশে বলা হয়, ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত বলে ইতিপূর্বে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে ওই হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। অপর প্রতিবেদনে এমন অভিযোগ রয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী উৎপাদনের ক্ষেত্র।রুলে ওই দুটি বিষয়ে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। অন্তর্বর্তীকালীন আদেশে এসব অভিযোগ আলাদাভাবে তদন্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অপর বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়। ৩০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে এবং নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি ১২ মার্চের মধ্যে জানাতেও নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানাতে বলেছেন আদালত।‘রাজীবের আগে আসিফকে হত্যার চেষ্টা করে নর্থ সাউথের অন্য ঘাতক চক্র, হামলাকারীদের ধরতে পারেনি পুলিশ’ শিরোনামে গতকাল একটি জাতীয় দৈনিক প্রতিবেদন ছাপা হয়। এ নিয়ে বিভিন্ন দৈনিকেও প্রতিবেদন ছাপা হয়। এসব প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত আদেশ দেন।ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় জড়িত অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্রকে গত শুক্রবার গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পাঁচজনের ছাত্রত্ব স্থগিত ও পরে বহিষ্কার করে।