
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াস উদ্দীন আহসান, তাঁর ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও ভাগনে আলম চৌধুরীর রিমান্ডের মেয়াদ গতকাল সোমবার শেষ হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানোর কথা। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
একই অভিযোগে শেওড়াপাড়া থেকে গ্রেপ্তার হন সাবেক শিক্ষক নুরুল ইসলাম। রিমান্ডের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আগেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের তদন্ত-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে দুই বাড়িওয়ালাই জেনেশুনে জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার কথা অস্বীকার করেছেন।’
গিয়াস উদ্দীনের এক স্বজন প্রথম আলোকে বলেন, ‘ওই ফ্ল্যাটটি যখন ভাড়া দেওয়া হয়, তখন গিয়াস উদ্দীন আহসান জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের জন্য দেশের বাইরে ছিলেন। ফ্ল্যাটটিতেও তাঁর যাওয়া-আসা ছিল না।’
এদিকে গতকাল নিহত পাঁচ জঙ্গি ও সাইফুল চৌকিদারের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। নিহত জঙ্গিরা হলেন মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও হলি আর্টিজান রেস্তোরাঁর বাবুর্চি সন্দেহভাজন সাইফুল ইসলাম চৌকিদার।