নর্থ সাউথের শিক্ষকসহ চারজন রিমান্ডে

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিদের বাসা ভাড়া দেওয়া এবং তথ্য গোপন করার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ চারজনের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে পুলিশ গ্রেপ্তারকৃতদের হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক মো. খসরুজ্জামান এই চারজনের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজন হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান, তাঁর ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান এবং ওই অধ্যাপকের ভাগনে আলম চৌধুরী। এ ছাড়া নুরুল ইসলাম নামের এক বাড়িওয়ালাকে আজ রাজধানীর শেওড়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তথ্য না জেনে জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়া ও তাদের ব্যাপারে তথ্য গোপন করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
দুপুরের দিকে তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির চারজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আরও পড়ুন: