নর্থ সাউথের শিক্ষার্থীদের বিব্রতকর পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বিভিন্ন জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাবেক ও বর্তমান একাধিক শিক্ষক-শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসার পর থেকে বিশ্ববিদ্যালয়টির অনেক শিক্ষার্থীকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। সামাজিক জীবনে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখে পড়ছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়টির একাধিক শিক্ষার্থীর সঙ্গে গতকাল রোববার কথা বলে এই চিত্র পাওয়া গেছে। তবে তাঁরা সবাই দাবি করেছেন, ক্যাম্পাসে জঙ্গিবাদী তৎপরতা কখনো তাঁদের চোখে পড়েনি বা আঁচও পাননি। এখন কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে। তাতে সুফল পাওয়া যাবে বলে তাঁরা আশাবাদী।
আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে গুটিকয়েক ছাত্র ও শিক্ষক জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত। তাই নর্থ সাউথ জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত—এটা ঢালাওভাবে বলা যাবে না। তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব পর্যালোচনা দরকার।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, উগ্র কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ২৬ ছাত্র-শিক্ষকের নাম সুনির্দিষ্টভাবে এসেছে।
২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি ব্লগার রাজীব হায়দার হত্যায় বিশ্ববিদ্যালয়টির সাতজন শিক্ষার্থীর নাম আসে। ওই হত্যার ঘটনায় ২০১৩ সালের ১ মার্চ বিশ্ববিদ্যালয়টির পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করা হয়। এরপর সর্বশেষ গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনার পর নতুন করে আলোচনায় আসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম। হুমকি দিয়ে ভিডিও বার্তা ছড়ানো ও কল্যাণপুরে অভিযানে নিহত হওয়া জঙ্গিদের মধ্যেও নর্থ সাউথের শিক্ষার্থী ছিল।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের শিক্ষার্থী সানজিদা মেহজাবিন প্রথম আলোকে বলেন, এসব ঘটনার পর থেকে তাঁদের সামাজিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে। অনেকে জানতে চায়, ‘তোমাদের ভার্সিটিতে কি সবাই আইএস?’ সানজিদা বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঁচ-দশ হাজার শিক্ষার্থীর মধ্যে পাঁচজন আইএস বা জঙ্গি হলে সবাই কি আইএস? এটা অনেকে বুঝতে চান না। তিনি বলেন, তিনি তাঁর অনুষদে কখনো কোনো ধরনের জঙ্গি তৎপরতার আঁচ পাননি।
অ্যাকাউন্টিং বিভাগের ছাত্র সজীব সাহা বলেন, কমবেশি সবাই জানতে চায়, আসলেই এনএসইউ এ রকম কি না? অনেকে জানতে চায়, কেন কিছু শিক্ষার্থী এ রকম হয়ে যাচ্ছে? কয়েকজন সাবেক বা বর্তমান শিক্ষার্থী জড়িত কিন্তু বিশ্ববিদ্যালয় জড়িত নয়। তাই এ ধরনের প্রশ্নের মুখোমুখি হওয়া আসলে বিব্রতকর।
সামাজিক জীবনে যেমন এ ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তেমনি বিশ্ববিদ্যালয়টির অনেক শিক্ষার্থীর পরিবারও সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। বিশ্ববিদ্যালয়টির সপ্তম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন যেমন বলছিলেন, পরিবার এখন বেশি ‘টেনশন’-এ থাকে। সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পর থেকে তাঁর পরিবারের মতো অনেক শিক্ষার্থীর পরিবার সব সময় দুশ্চিন্তায় থাকে।
আরেক শিক্ষার্থী ইভা মণি বলেন, ‘অনেকে জানতে চায়, সবার এনএসইউ নিয়ে অনেক কিউরিসিটি। পরিবারের বাইরের মানুষদের বুঝিয়ে বলি, আমরা তো কখনো এ ধরনের কোনো কিছু দেখিনি।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে বিষয়টি নিয়ে কথা বলতেও বিব্রতবোধ করেন। তাঁরা বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলতে রাজি হন না। গতকাল বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অন্তত পাঁচজন শিক্ষার্থী জঙ্গিবাদ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলতে রাজি হননি। কেউ কেউ কথা বললেও নাম প্রকাশ করতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে সিএসই বিভাগের একজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, এখন নর্থ সাউথের ছাত্র শুনলে কেউ কেউ কেমন করে যেন তাকায়। এটি খুব অপমানজনক।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই সংকট প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নর্থ সাউথ একটি ভাবমূর্তি–সংকটে পড়েছে। তাদের শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে। তাদের এই ভাবমূর্তি–সংকট থেকে তাদেরই বের হয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে হবে, সৎভাবে তদন্ত করতে হবে। তাদের নিজস্ব পর্যালোচনা লাগবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র বা পরিচালনা বোর্ডের কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারও নর্থ সাউথ নিয়ে অনেক কঠোর কথা বলছে। কিন্তু একটু বেশি বলা হয়ে যাচ্ছে কি না, সেটিও দেখতে হবে। একটি ভালো প্রতিষ্ঠান দু-একজনের কর্মকাণ্ডের জন্য নষ্ট হতে পারে না।