নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী নিখোঁজ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর খোঁজ মিলছে না গতকাল সোমবার বিকেল তিনটা থেকে। তাঁর ব্যক্তিগত গাড়ি-চালকও নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় গতকাল রাতে তাঁর ভগ্নিপতি চট্টগ্রাম নগরের খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ হওয়া সাবেক ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ হোসেন ওরফে আকিব (২৫)। তাঁর গাড়ির চালকের নাম মোহাম্মদ মোস্তফা (৩০)। আর ব্যক্তিগত গাড়ির নম্বর (চট্টমেট্রো-গ ১১-৭২৭৯)। এই ঘটনায় জুনায়েদের ভগ্নিপতি এসএম আবুল মঞ্জুর সোমবার রাতেই খুলশি থানায় জিডি করেন।
আবুল মঞ্জুর প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কাজে সোমবার দুপুরে গাড়ি নিয়ে আগ্রাবাদ গিয়েছিলেন জুনায়েদ। বিকেল তিনটার দিকে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর ও গাড়িসহ চালকের কোনো সন্ধান মেলেনি।
আবুল মঞ্জুর বলেন, এক প্রত্যক্ষদর্শী আমাদের তথ্য দিয়েছেন, গরীবুল্লাহ শাহ মাজারের কাছে জুনায়েদের গাড়ির সঙ্গে একটি পাজেরো কিংবা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। দুই গাড়ির সংঘর্ষে জুনায়েদের ব্যক্তিগত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে মাইক্রোবাস বা পাজেরো থেকে দুজন নেমে এসে জুনায়েদের সঙ্গে কথা বলেন। তাঁরা জুনায়েদের ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করে দেবেন বলে জানিয়ে জুনায়েদের গাড়িতে ওঠেন এবং গাড়ি নিয়ে গ্যারেজে যাওয়ার কথা বলে খুলশির দিকে রওনা হন।
জুনায়েদের পরিবার জানায়, জুনায়েদ নর্থ সাউথ থেকে বিবিএ পাস করে চট্টগ্রামে চলে আসেন। চলতি বছরে ফেব্রুয়ারিতে তাঁর বাবা আলতাফ হোসেন চৌধুরী মারা যান। আলতাফ হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন। সাত বোন ও এক ভাইয়ের মধ্যে জুনায়েদ সবার ছোট।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, জুনায়েদের খোঁজে পুলিশ মাঠে কাজ করছে।