নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী নগরের নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
সকাল সাড়ে নয়টায় নগরের আলুপট্টি বিশ্ববিদ্যালয় চত্বরে প্রধান অতিথি আবদুল মান্নান জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক বিশ্ববিদ্যালয়ের পতাকা ও বেলুন-পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল মান্নান বলেন, সরকার কারিগরি-যুগোপযোগী, বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষায় অধিক গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী প্রযুক্তিগত শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাপ-ফেস্টুনসহ বর্ণিল সাজে ট্রাক শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।