নর্থবেঙ্গল সুগার মিলে শহীদ দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থবেঙ্গল সুগার মিলে গতকাল মঙ্গলবার মিলের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে শহীদ দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৫ মে পাকিস্তানি হানাদার বাহিনী এ মিলের ৪২ কর্মকর্তা-কর্মচারীকে গুলি করে হত্যা করে। দিবসটি পালনে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা হানাদার বাহিনীর হাতে নিহত স্বজনদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন।
শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মিলের পুকুর ‘শহীদ সাগর’ পাড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন শহীদ প্রশাসক আনোয়ারুল আজিমের ছেলে আনোয়ারুল ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন, সিবিএ সভাপতি আবদুর রব প্রমুখ।