নর্দমা নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা পৌরসভায় নর্দমা নির্মাণের কাজে ঠিকাদারেরা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কাজ শেষ করার কয়েক দিনের মধ্যেই নর্দমার ওপরের ঢাকনায় ফাটলের সৃষ্টি হয়েছে। কাজ নিম্নমানের হওয়ায় শহরের জলাবদ্ধতা দূর হবে না বলে আশঙ্কা করছেন পৌরবাসী।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা দূর করার জন্য গত বছর মাগুরা শহরের বিভিন্ন এলাকায় তিন কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে প্রায় সোয়া তিন কিলোমিটার নর্দমা নির্মাণের কাজ শুরু হয়। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে পৌর কর্তৃপক্ষ এই কাজ বাস্তবায়ন করছে। গত বছরের ২২ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। ১১টি গ্রুপে এই কাজ হচ্ছে। প্রতিটি কাজের আলাদা তারিখে কার্যাদেশ দেওয়া হয়। সর্বশেষ কার্যাদেশ দেওয়া হয় ২০১৩ সালের ২৪ ডিসেম্বর। দরপত্রের শর্তানুযায়ী কার্যাদেশ দেওয়ার ১২০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। তবে রাজনৈতিক অস্থিরতা এবং হরতাল ও অবরোধের কারণে ওই সময় শিথিলযোগ্য।
পৌর নাগরিকদের অভিযোগ, নর্দমা নির্মাণকাজে ঠিকাদারের লোকজন নিম্নমানের বালু, খোয়া, সিমেন্ট, রড ও পাথর ব্যবহার করছেন। নির্মাণকাজ শেষ না হতেই অনেক জায়গায় নর্দমার ওপর দেওয়া ঢাকনায় ফাটল সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে প্রয়োজনীয় সিমেন্ট, পাথর ও রড দেওয়া হচ্ছে না। পুরোনো নর্দমার ব্যবহার অনুপযোগী ইট তুলে তা ভেঙে খোয়া করে নর্দমার পাটাতনের ঢালাই দেওয়া হচ্ছে।
শহরের কাউন্সিল পাড়ার বাসিন্দা রবিউল ইসলাম অভিযোগ করেন, তাঁর বাড়ির পাশে চার-পাঁচ দিন আগে নর্দমা নির্মাণের কাজ শেষ হয়। অথচ এই সময়ের মধ্যেই অধিকাংশ ঢাকনায় ফাটলের সৃষ্টি হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক দাবি করেন, ‘কাজ ভালোই হচ্ছে। তবে শতভাগ ভালো হচ্ছে, তা বলব না। আমরা চেষ্টা করছি। অভিযোগ পেলে ঘটনাস্থলে গিয়ে কাজ তদারকি করছি। জনবল কম। তাই অনেক সময় পেরে উঠছি না।’
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা কলেজপাড়ার প্রণব কুমার দে, পারনান্দুয়ালীর মেসার্স বাহারুল এন্টারপ্রাইজ, ভায়নার রানা আমির ওসমান, দরি মাগুরার মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজ, এম আর রোডের অমলেন্দু শিকদার, সিতারামপুরের মেসার্স খান ট্রেডার্স, মোল্লাপাড়ার মেসার্স আবু ইছাহাক অ্যান্ড সন্স, আতর আলী সড়কের মেসার্স শরিফ অ্যান্ড আসিফ ট্রেডার্স, নতুন বাজারের পিজু এন্টারপ্রাইজ, মীরপাড়ার মীর আবদুর রাজ্জাক ও পারনান্দুয়ালীর সেলিনা বেগম কাজ পেয়েছেন। তবে অনেকেই কাজ দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি করে দিয়েছেন।
কাজে যে অনিয়ম হচ্ছে তা ফুটে উঠেছে একজন সাব-ঠিকাদারের বক্তব্যে। নাম প্রকাশ না করার শর্তে ওই সাব-ঠিকাদার বলেন, ‘আমি একজন ঠিকাদারের কাছ থেকে কাজটি কিনে করছি। ওই ঠিকাদার প্রাক্কলিত দর থেকে ১৫ শতাংশ কমে কাজ পেয়েছেন। ওই ঠিকাদারকে ১২ শতাংশ টাকা দিয়ে আমি কাজটি কিনে নিয়েছি। এরপর অফিস খরচ। এখানে-ওখানে টাকা দেওয়া। নিজে লাভ করা। তাহলে কীভাবে কাজ ভালো হবে?’
পৌরসভার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘ঠিকমতো পানি দিয়ে না ভেজানোর কারণে ঢাকনায় ফাটল দেখা দিয়েছে। কাজের কোনো ত্রুটি আমরা মেনে নেব না। চূড়ান্তভাবে কাজ বুঝে নেওয়ার সময় কোনো ত্রুটি পেলে সেটি ঠিক না করে দেওয়া পর্যন্ত ঠিকাদার বিল পাবেন না।’ নর্দমা নির্মাণকাজ নিম্নমানের হওয়ার কথা স্বীকার করে পৌর মেয়র ইকবাল আকতার খান বলেন, ‘সবাই এত অসৎ হলে চলে না। ঠিকাদারদের সঙ্গে পারা যায় না। তার পরেও ভালো করার জন্য চেষ্টা করে যাচ্ছি।’