সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা। বৃষ্টি ছাড়াও বাসাবাড়ির প্রতিদিনের গৃহস্থালির তরল বর্জ্যেও রাস্তা তলিয়ে যায়। এমন রাস্তাতেই চলাচল করতে হয়েছে রাজধানীর আরামবাগ ও ফকিরেরপুলের বড় একটি অংশের বাসিন্দাদের। বলতে গেলে সারা বছরই তাদের এই দুর্ভোগ পোহাতে হয়েছে।এই দুর্ভোগ থেকে রেহাই পেতে এলাকাবাসী গত দুই বছর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নগর ভবন ও আঞ্চলিক কার্যালয় এবং ঢাকা ওয়াসার কাছে নিষ্ফল ধরনা দিয়েছে। অবশেষে নিজেরাই প্রায় আধা কিলোমিটার ড্রেনেজ লাইন (নর্দমা) পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। চলছে নর্দমা পরিষ্কার।এলাকাবাসী জানান, ফকিরেরপুল বড় মসজিদ থেকে কাঁচাবাজার এলাকা, আরামবাগ বালিকা বিদ্যালয় হয়ে নটর ডেম কলেজের পেছন দিক পর্যন্ত ডিসিসির নর্দমাটি শেষ কবে পরিষ্কার করা হয়েছিল, তা তাঁদের মনে নেই। আগে নর্দমা খোলা ছিল বলে অবস্থা দেখা যেত। নর্দমার ওপর ঢাকনা (স্ল্যাব) দেওয়ায় এখন আর দেখা যায় না। কিন্তু নালা উপচে রাস্তায় জমা পানি না সরায় তাঁরা বুঝতে পারেন, ময়লা-আবর্জনা জমে নর্দমা ভরাট হয়ে গেছে।এই পানি মাড়িয়ে চলার দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসী, পথচারী, বাজারের ক্রেতা-বিক্রেতা, শিক্ষার্থীদের। এ থেকে রেহাই পেতে ২০১০ সালের ১২ আগস্ট প্রথমবারের মতো ডিসিসির কাছে আবেদন জানায় আরামবাগ সমাজকল্যাণ সংঘ। এরপর দফায় দফায় আবেদন জানানো হয়। গত ৪ এপ্রিল সর্বশেষ আবেদন জানায় আরামবাগ ডেভেলপমেন্ট সোসাইটি। এতেও কাজ না হওয়ায় অবশেষে এলাকাবাসী তহবিল সংগ্রহ করে নর্দমা পরিষ্কারের সিদ্ধান্ত নেয়। এ জন্য প্রায় ২০০ বাড়ি ও দোকান থেকে চাঁদা তোলা হয়। এই টাকা দিয়ে মজুরদের সাহায্যে গত মঙ্গলবার থেকে নর্দমার আবর্জনা ও মাটি তোলার কাজ শুরু হয়েছে। গত দুই দিনে তোলা হয়েছে ১২ ট্রাকেরও বেশি আবর্জনা ও মাটি।গতকাল বুধবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, ফকিরেরপুল বড় মসজিদ ও আশপাশের এলাকায় নর্দমা পরিষ্কারের কাজ অনেকটা হয়ে গেছে। বাজার এলাকায় নর্দমা পরিষ্কারের কাজ করছেন জনা দশেক মজুর। এসব আবর্জনা-মাটি রাখা হচ্ছে বাজারের পাশে রাস্তার ধারে। নর্দমা পরিষ্কারের কাজের জন্য অনেক বাড়ির বাসিন্দাদের যাতায়াতে সমস্যা হলেও তাঁরা এটিকে সমস্যা মনে করছেন না। ১৬৭, ফকিরেরপুলের বাসিন্দারা বলেন, এই কাজে সাফল্য এলে তা হবে রাজধানীর অন্য এলাকার জন্য অনুকরণীয়।কয়েকজন দোকানি জানান, নর্দমা পরিষ্কারের কাজ শুরুর পর তাঁদের সাময়িক কিছু সমস্যা হচ্ছে। তবে এর সুফল ভবিষ্যতে তাঁরা পাবেন।নর্দমা পরিষ্কারের কাজের উদ্যোক্তাদের অন্যতম ১৩৯, আরামবাগের বাসিন্দা নুরুল ইসলাম মঙ্গলবার রাতে অভিযোগ করেন, দীর্ঘদিনে ডিসিসি এই সমস্যার সমাধান করতে পারেনি। এলাকাবাসী উদ্যোগ নিয়ে কাজটি করছে। নর্দমা থেকে তোলা আবর্জনা-মাটি রাস্তার পাশ থেকে সরাতে ডিসিসিকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু ডিসিসি তাতে রাজি হচ্ছে না। তাই এ নিয়ে তাঁরা চিন্তিত।যোগাযোগ করা হলে ওই অঞ্চলে ডিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা মনোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, অভিযোগ ঠিক নয়। গতকাল ডিসিসির ট্রাক দিয়ে কিছু আবর্জনা-মাটি সরানো হয়েছে। সঙ্গে ময়লাযুক্ত পানি থাকায় কিছু মাটি-আবর্জনা পরে সরানো হবে। তিনি দাবি করেন, ডিসিসি কিছুই করেনি, তা সত্য নয়। অতীতে তিনি আরামবাগের কিছু বাড়ির সামনের নালা পরিষ্কার করিয়েছিলেন। তবে ওয়াসার লাইনের জন্য কিছু সমস্যা চলছে।ওয়াসার ড্রেনেজ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সময়মতো তহবিল না পাওয়ায় তাঁরা ঠিকভাবে কাজ করতে পারেননি। তবে ফকিরেরপুল বক্স কালভার্টের আবর্জনা পরিষ্কার করা হয়েছে। সমস্যা হচ্ছে, কালভার্ট খুব দ্রুত আবারও আবর্জনায় ভরে যায়।