নর্দমা বন্ধ, পানিনিষ্কাশন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের নর্দমার স্ল্যাব দেবে গেছে। আবর্জনা পড়ে নর্দমা বন্ধ হয়ে গেছে। এতে পানিনিষ্কাশন হচ্ছে না। নারায়ণগঞ্জ নগরের শিবু মার্কেট এলাকার ছবিটি ১২ ডিসেম্বরের l প্রথম আলো
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের নর্দমার স্ল্যাব দেবে গেছে। আবর্জনা পড়ে নর্দমা বন্ধ হয়ে গেছে। এতে পানিনিষ্কাশন হচ্ছে না। নারায়ণগঞ্জ নগরের শিবু মার্কেট এলাকার ছবিটি ১২ ডিসেম্বরের l প্রথম আলো

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নগরের চাষাঢ়া থেকে শিবু মার্কেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাশের নর্দমা (ড্রেন) ভেঙে পড়েছে। এতে পানিনিষ্কাশন হচ্ছে না। সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।

১২ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের আট কিলোমিটারের মধ্যে চাষাঢ়া থেকে শিবু মার্কেট পর্যন্ত দুই কিলোমিটার সড়কের দুই পাশে পানিনিষ্কাশনের নর্দমা আছে। তবে এগুলো ভেঙে গেছে। ইটের ১০ ইঞ্চি গাঁথুনির ওপর আরসিসি স্ল্যাব দিয়ে নর্দমা বানানো হয়েছিল। স্থানীয় লোকজন জানান, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে নর্দমার ইটের গাঁথুনি ভেঙে পড়ে। স্ল্যাবগুলো কাত হয়ে নর্দমার ভেতরে পড়ে যায়। এরপর আবর্জনা পড়ে পড়ে নর্দমা বন্ধ হয়ে যায়। এ কারণে বৃষ্টির পানি নিষ্কাশিত হতে পারছে না। সড়কে পানি জমে থাকছে। সড়কের বিভিন্ন অংশের পিচ উঠে গেছে। ভারী যানবাহন চলাচলের কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অন্যদিকে নর্দমা ভেঙে পড়ায় পথচারী ও এলাকাবাসী হেঁটে চলাচল করতে পারছে না। ঝুঁকি নিয়ে সড়কের ওপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে তারা। নগরের চাষাঢ়া, চাঁদমারী, জেলা কারাগার, শিবু মার্কেটসহ দুই কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশে নর্দমা ভেঙে পড়েছে।

পোশাক কারখানার শ্রমিক রায়হান বলেন, সড়কের পানিনিষ্কাশনের জন্য দুই পাশে নর্দমাগুলো নির্মাণ করা হয়েছে। তবে বিভিন্ন অংশে নর্দমার ইটের গাঁথুনি ও স্ল্যাবগুলো ভেঙে গেছে। ড্রেন ভেঙে যাওয়ায় পানি সরতে পারছে না। নর্দমাগুলো কোনো কাজে আসছে না।

স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক হোমায়রা বেগম বলেন, পানি জমে থাকার কারণে সড়কটি ভেঙে যাচ্ছে। পানিনিষ্কাশনের জন্য নর্দমা নির্মাণ করা হলেও এর সুফল মেলেনি। অপরিকল্পিতভাবে ইটের দেয়াল দিয়ে নর্দমা নির্মাণ ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এই দুরবস্থার সৃষ্টি হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পানি জমে আছে। নর্দমা দিয়ে পানিনিষ্কাশন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ছবিটি  ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তোলা
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পানি জমে আছে। নর্দমা দিয়ে পানিনিষ্কাশন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ছবিটি ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তোলা

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক বলেন, নর্দমা নির্মাণের নামে সরকারি টাকা এখানে অপচয় করা হয়েছে। সরকারি সম্পদ নিয়ে তামাশা করা হয়েছে। এই নর্দমা দিয়ে পানিও যায় না। এমনভাবে নর্দমা নির্মাণ করা হয়েছে, যা কোনো কাজে লাগেনি। সওজের অবহেলায় ও পরিকল্পনায় ঘাটতি থাকায় সরকারি সম্পদ নষ্ট হলো। এর জন্য তাদের বিচার হওয়া উচিত। বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি জানান।

সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলী উল হোসেন বলেন, ওই সড়কের ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হয় না। সেগুলো বিভিন্ন অংশে ভেঙে গেছে। নর্দমা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। পানি সড়কেই জমে থাকে। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে এমন হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই সময় কোন প্রেক্ষাপটে নর্দমা নির্মাণ করা হয়েছিল তা আমি বলতে পারব না। এবার আমরা সড়কটির সংস্কারকাজের জন্য ২৫৬ কোটি টাকার প্রকল্প জমা দিয়েছি। সেখানে চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত আট কিলোমিটার সড়কের দুই পাশেই নর্দমা (ড্রেন) নির্মাণ করা হবে। তখন আর এ জলাবদ্ধতার সমস্যা থাকবে না।’