নর্দমা ২২০ মিটার সড়কবাতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোড়াতালি দিয়ে চলছে জয়পুরহাটের নবগঠিত ক্ষেতলাল পৌরসভা। আড়াই বছরে মাত্র ২২০ মিটার নর্দমা নির্মাণ করা হয়েছে। পৌর এলাকার চারটি বাজার ছাড়া কোথাও সড়কবাতিও নেই। ফলে সুবিধাবঞ্চিত হচ্ছে পৌরবাসী।পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৯ ডিসেম্বর ক্ষেতলাল উপজেলা সদর ও আশপাশের কিছু গ্রাম নিয়ে পৌরসভা গঠন করা হয়। এর মধ্যে পড়েছে চারটি বাজার। এগুলো হলো ক্ষেতলাল সদর, বটতলী, ইটাখোলা ও ত্রিমোহনী বাজার। গত বছরের ৩ জুন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।পৌরসভার আয়তন ১৬ দশমিক ৫২ বর্গকিলোমিটার। লোকসংখ্যা ১৯ হাজার ৭৬৬ জন। গত অর্থবছরে জয়পুরহাট-ঢাকা মহাসড়কের ক্ষেতলাল সড়কের দিকে রাস্তার এক পাশে ১০ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে ২২০ মিটার নর্দমা নির্মাণ করা হয়েছে। ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বর্ষা এলে এক পশলা বৃষ্টি হলেই গেটের সামনে পানি জমে থাকে। ওই সময় ইট বিছিয়ে হাসপাতালে ঢুকতে হয়। পৌর মেয়র আবদুল মান্নান মোল্লা বলেন, ‘গত বছরের জুলাই মাসে আমি দায়িত্ব গ্রহণ করেছি। এর মধ্যে যে বাজেট পাওয়া গেছে, তার বেশির ভাগ দিয়ে রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। ক্ষেতলালকে একটি আধুনিক মডেল পৌরসভা নির্মাণের লক্ষ্যে গুরুত্ব অনুসারে পর্যায়ক্রমে সবখানে নর্দমা নির্মাণ ও সড়কবাতি লাগানো হবে।’