নর্দমার অভাবে প্রতিবছর সংস্কার করতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ ভোলা-খেয়াঘাট চার কিলোমিটার সড়কের দুই পাশে কোনো নর্দমা নেই। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও বৃষ্টির পানি রাস্তায় জমে থাকে। এতে বিটুমিনের (পিচ) সড়কটি সংস্কার করতে না-করতেই খানাখন্দে ভরে যাচ্ছে।
সড়কটি ঘুরে দেখা গেছে, পুরো চার কিলোমিটারে শত শত গর্ত। বৃষ্টির পানি জমে গর্ত ভরে গেছে। লোকজন জানান, প্রতিদিনই গর্তে পড়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যানবাহন আটকে থাকছে।
সড়কের পাশে চৌমহনী এলাকার শিক্ষক মোস্তফা মিয়া বলেন, এ সড়কের দুই পাশে জেলা জজ, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, গণপূর্ত প্রকৌশলীর বাসভবন, সার্কিট হাউস, এম আলী প্রতিবন্ধী স্কুল, সমাজসেবা অধিদপ্তরের এতিমখানা, আলতাজের রহমান কলেজ, মুসলিম হাইস্কুল, ওবায়দুল হক বাবুল মোল্লা বালিকা বিদ্যালয়, কোস্টগার্ড দক্ষিণাঞ্চলীয় প্রধান কার্যালয়সহ শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সড়কের দুই পাশে বাস করেন। সড়কটি দিয়ে দিনরাত যানবাহন চলছে। ভোলায় এর চেয়ে ব্যস্ত সড়ক আর নেই। কিন্তু এ সড়কটির অবস্থা সবচেয়ে বেহাল। শুকনো মৌসুমে ধুলো আর বর্ষায় কাদা-পানি ভরা থাকে। দুই পাশের বাসিন্দাসহ গাড়ির চালকেরা ১২ মাস চরম দুর্ভোগ পোহাচ্ছে।
চৌমহনীর মোকাম্মেল হক বলেন, প্রতিবছর সড়কটি সংস্কার করায় সরকারের টাকা অপচয় ছাড়া কিছু হচ্ছে না।
স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম জানান, সড়কটি প্রতিবছর সংস্কার হচ্ছে, এ বছরও হবে। সত্য কথা হচ্ছে সড়কের দুই পাশের লোকজন বালুর ব্যবসা করছেন। বালুর পানি এসে সড়কটি ভিজিয়ে দেয়। অন্যদিকে দুই পাশে ঘন বাড়িঘর করায় সড়কটি নিচু হয়ে আছে। বর্ষা হলে সড়কটি পানিতে ডুবে যাচ্ছে। ফলে বিটুমিন তার স্থায়িত্ব ধরে রাখতে পারে না। দ্রুত সড়ক গর্তে পরিণত হচ্ছে।
আবদুস সালাম জানান, নর্দমা নির্মাণের জন্য জমি চাইলেও লোকজন দিচ্ছে না। এখন সড়কটি পাকা ঢালাই করা ছাড়া উপায় নেই। না হয় নর্দমা নির্মাণের জন্য সরকারকে জমি অধিগ্রহণ করতে হবে।