নর্দমার আবর্জনা রাস্তায়

নর্দমা পরিষ্কার করে ময়লা-আবর্জনা রাখা হয়েছে পাশে। সিলেট নগরের সেনপাড়া এলাকার অন্তত ১০টি স্থানে এভাবে নালার পাশে আবর্জনা রেখে দেওয়া হয়েছে। তিন দিন অতিবাহিত হওয়ার পরও তা সরানো হয়নি। এরই মধ্যে কিছু রাস্তায়ও এসে পড়েছে। এতে পথচারীসহ স্থানীয় লোকজন পোহাতে হচ্ছে দুর্ভোগ।
স্থানীয় লোকজন জানান, গত বুধবার নগরের সেনপাড়া এলাকার নালা-নর্দমাগুলো পরিষ্কার করেন সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁরা নর্দমা পরিষ্কার করে আবর্জনা নর্দমার পাড়েই রেখে দেন। কয়েক দিন ধরে তাঁরা এসব আবর্জনা সরাচ্ছেন না। এতে উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
সেনপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, ‘তিন দিন আগে নর্দমা পরিষ্কার করা হয়েছে। অথচ সেই আবর্জনা এখনো অপসারণ করা হয়নি। সিটি করপোরেশন কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে পথচারীদের দুর্গন্ধ সহ্য করে পথ চলতে হচ্ছে। ময়লাগুলো উন্মুক্ত থাকায় বাতাসে রোগজীবাণু ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। দ্রুত আবর্জনা অপসারণ না করা হলে তা স্থানীয়দের চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।’
গতকাল শনিবার দুপুর পৌনে একটা পর্যন্ত নর্দমার পাড়ের আবর্জনা অপসারণ করতে দেখা যায়নি। যোগাযোগ করা হলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘তিন দিন অতিবাহিত হয়ে গেলেও পরিচ্ছন্নতাকর্মীরা কেন আবর্জনা অপসারণ করেনি, সেটি খতিয়ে দেখা হবে। পাশাপাশি দ্রুতই এ আবর্জনা অপসারণ করা হবে।’