নর্দমার ওপর ভবন করছেন ওলামা লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা এম আল ইমরান সিভিল সার্জনের কার্যালয়ের সামনের নর্দমার ওপর পাকা ভবন নির্মাণ করছেন। আল ইমরানের দাবি, তিনি জেলা পরিষদের কাছ থেকে জায়গা ইজারা নিয়েই সেখানে ভবন তুলছেন। জেলা পরিষদ বলছে, এখানে পাকা ভবন নির্মাণ অবৈধ ও বেআইনি। জেলা পরিষদের প্রধান সহকারী শেখ মোহাম্মদ আলী জানান, জেলা পরিষদ ২০১১ সালের ২০ জানুয়ারি নড়াইল-মাগুরা সড়কের ভওয়াখালী মৌজার ১৪৯৫ দাগে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে নর্দমার ওপর ১৫০ বর্গফুট জায়গা প্রতি বর্গফুট ১০ টাকা হিসেবে একসনা ইজারা দেয়। চুক্তিপত্র অনুযায়ী এই জায়গায় পাকা ভবন নির্মাণ করা যাবে না। সরেজমিনে দেখা গেছে, সিভিল সার্জনের কার্যালয়ের সামনে কাঁচা নর্দমার ওপর ১৫০ বর্গফুট জায়গায় একটি পাকা ভবনের নির্মাণকাজ চলছে। সেখানে কাজ করছেন রাজমিস্ত্রি সলেমান শেখ। তিনি বলেন, এখানে হোমিওপ্যাথিক চিকিৎসালয় উঠছে। আল ইমরান এ কাজ করাচ্ছেন। একই সারিতে আরও দোকান তৈরির জন্য বিভিন্ন ব্যক্তি বাঁশ দিয়ে জায়গা দখলে নিয়েছেন। জানতে চাইলে আল ইমরান বলেন, জেলা পরিষদের শর্ত পূরণ করেই ইজারা নেওয়া হয়েছে। এখানে একটি হোমিও চেম্বার ও গবেষণাগার করা হবে।নড়াইল পৌরসভার মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানা বলেন, রাস্তাসংলগ্ন এবং সরকারি কার্যালয়ের সামনে দোকানঘর নির্মাণ শুধু সৌন্দর্যহানিকরই নয়, এটি পরে আরও সমস্যা তৈরি করবে। স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই স্থাপনা নির্মাণ বন্ধে তিনি জেলা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন। সিভিল সার্জন আবদুস সামাদ বলেন, একটি সরকারি কার্যালয়ের সামনে এ ধরনের স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়া জেলা পরিষদের উচিত হয়নি। কার্যালয়ের সামনে থেকে এ ধরনের স্থাপনা সরিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস বলেন, এই নির্মাণকাজ অনুচিত। এখানে পাকা স্থাপনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ওই ইজারায় অস্থায়ী ও কাঁচা স্থাপনা করার কথা বলা আছে। সেই শর্ত ভেঙে এখানে দোকান নির্মাণ বেআইনি ও অবৈধ। এই অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে নোটিশ দেওয়া হয়েছে।