নর্দমার ওপর ভবন নির্মাণ জলাবদ্ধতায় ২০০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নর্দমা বন্ধ করে ভবন নির্মাণ করায় ২০০ পরিবারের বাসিন্দাদের প্রায়ই জলাবদ্ধতার শিকার হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও ভবনমালিকের কাছে প্রতিকার চেয়েও সমাধান মিলছে না। স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুগঞ্জ পূর্ব বাজারের বিওসি ডিপো এলাকায় রেলওয়ের জায়গায় একসময় খাল ছিল। সঙ্গে আছে একটি পুকুর। স্বাধীনতার আগে থেকেই ওই এলাকার বাসিন্দারা পুকুরে পানি নিষ্কাশন করে আসছে। পুকুরের সঙ্গে খালের সংযোগ থাকায় পানি মেঘনা নদীতে নিষ্কাশন হতো। ধীরে ধীরে খাল ভরাট হয়ে পরে তা নর্দমায় রূপ পায়। কিন্তু কয়েক বছর আগে নজরুল ইসলাম খান নামের এক ব্যবসায়ী ওই নর্দমার ওপর একটি একতলা ভবন নির্মাণ করেন। এর পর থেকেই বিপত্তির শুরু। বর্তমানে ওই ভবনটি ভেঙে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন নজরুল ইসলাম খান। এ জন্য তিনি নর্দমাটি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এর ফলে পুকুর উপচে পানি সড়ক ও বাড়িতে ঢুকছে। পুকুরে সেচযন্ত্র বসিয়ে পাইপের সাহায্যে মেঘনা নদীতে পানি নিষ্কাশন করে সমস্যাটি সাময়িকভাবে সমাধান করছেন স্থানীয় ব্যক্তিরা। ভোগান্তির প্রতিকার চেয়ে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্ত দেন ভুক্তভোগীরা। আশুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও একইভাবে জানিয়ে প্রতিকার চাওয়া হয়। ভুক্তভোগী সালাম খান বলেন, ছয়তলা ভবন করেছি। ভবনের পানি নিষ্কাশন নিয়ে সমস্যায় ছিলাম। বলেও লাভ হয়নি। পরে প্রচুর অর্থ খরচ করে বিকল্প ব্যবস্থা করে নিয়েছি। ছিদ্দিক মিয়া নামের আরেক ভুক্তভোগী বলেন, একটি ভবনের কারণে আজ শত শত মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, ‘সমস্যাটি ছোট। কিন্তু সমাধান দেওয়া যাচ্ছে না। আমি বলব, ভবনমালিকের ভবনটি না করা উচিত।’ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, বিষয়টি সম্পর্কে জানতে ইউনিয়ন পরিষদের তহশিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে যাব।’অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার বিকেলে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে নজরুল ইসলামকে পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, রেলওয়ের জায়গা ইজারা নিয়ে নজরুল ইসলাম খান বৈধভাবেই আছেন। জনগণের সুবিধার জন্য পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথা বলেছেন। কিন্তু বাসিন্দারা তা মানতে রাজি হচ্ছেন না।