বরিশাল নগরের বিভিন্ন স্থানে ফুটপাত তৈরির নালার ঢাকনা নেই। প্রতিদিন কোনো না কোনো স্থানে ঘটছে দুর্ঘটনা। এতে পথচারী এবং দোকানিরা দুর্ভোগে পড়েছেন। ভেঙে যাওয়া নালাগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
বরিশাল নগরের বাসিন্দা এবং নাগরিকদের অভিযোগ, নিম্নমানের কাজ করায় নর্দমা নির্মাণের কিছুদিনের মধ্যে অনেক স্থানের স্লাব ভেঙে নালায় পড়ে গেছে। দীর্ঘদিন ওই অবস্থায় পড়ে থাকলেও সিটি করপোরেশন ভাঙা ওইসব নর্দমা সংস্কারে উদ্যোগ নেয়নি।
সরেজমিনে দেখা গেছে, শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদর রোড), নাজির মহল্লা, কাঠের পুল, কাউনিয়া, রায় রোড, বান্দ রোডসহ নগরের বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের নির্মাণ করা নালার ঢাকনা নেই। দু-একটি স্থানে পাশে থাকা ব্যবসায়ীরা কাঠ বা পাথর দিয়ে খোলা স্থান ঢেকে দেওয়ার চেষ্টা করছেন।
শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের (সদর রোড) ব্যবসায়ী মজিবর রহমান জানান, নগরের গুরুত্বপূর্ণ অংশ সদর রোড। এ সড়কের পাশের ফুটপাতের ঢাকনা দীর্ঘদিন ধরে নেই। বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রায়ই ওই অংশে পথচারীরা দুর্ঘটনায় পড়েন।
নাজির মহল্লা এলাকার ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, এখানকার সড়ক নির্মাণের সময় পাশের নর্দমা করা হয়। নর্দমা নির্মাণের কিছুদিনের মধ্যে ঢাকনা ভেঙে যায়। তিন-চার বছরে আর ওই নর্দমার ঢাকনা দেওয়া হয়নি।
কাঠের পুল এলাকার বাসিন্দা কাঠ ব্যবসায়ী মো. আজাহার হোসেন জানান, ‘কয়েক বছর আগে নর্দমার ঢাকনা ভেঙে যায়। সিটি করপোরেশন থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। পথচারীরা দুর্ঘটনায় পড়ত। একপর্যায়ে নিজের উদ্যোগে কাঠ দিয়ে পাটাতন করে ঢেকে দিয়েছি।’
সুশাসনের জন্য নাগরিক বরিশালের সভাপতি আক্কাস হোসেন বলেন, মূলত নিম্নমানের কাজ করার কারণেই নালাগুলোর ঢালাই দেওয়া স্লাব ভেঙে গেছে। সদর রোডে একদিকে একটি ডোবা, অন্যদিকে ফুটপাতের ঢাকনা না থাকায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে নাগরিকদের।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বলেন, নগরের কয়েকটি স্থানে কিছু নর্দমার ঢাকনা (স্লাব) ভেঙে গেছে। নতুন নর্দমা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ওই কাজের সঙ্গে ভেঙে যাওয়া নালার ঢাকনাগুলোও সংস্কার করা হবে।