জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা হাটের নর্দমা (ড্রেন) পরিষ্কার না থাকায় পচা পানির উৎকট গন্ধে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দোকানিরা অভিযোগ করেন, ইটাখোলা হাটের মাছ, মাংস এবং কাপড়পট্টি এলাকার ১০টি দোকানের সামনের নর্দমা পরিষ্কার না করায় পানি জমে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বৃষ্টি না থাকলেও নর্দমার পানি উপচে দোকানে ঢুকছে। উপজেলার মধ্যে এই বাজার থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হলেও সুবিধা-অসুবিধা দেখার কেউ নেই।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি হাটের মধ্যে ইটাখোলা হাট সবচেয়ে বড়। ধান ও আলু বেচাকেনার সবচেয়ে বড় বাজার ইটাখোলা হাট। গত বৈশাখ মাসে ১৪ লাখ ৯৫ হাজার টাকায় হাটটি ইজারা দেওয়া হয়। গত শুক্রবার হাটবারে সরেজমিনে দেখা গেছে, কাপড়ের দোকানদার মিজানুর রহমান, মাছের দোকানদার হাফিজার রহমান ও মোদি দোকানদার ওয়ারেছ হোসেন ময়লা পানির ওপর নিজ দোকানে চৌকির ওপর বসে আছেন ক্রেতার আসায়। ওয়ারেছ হোসেন বলেন, ‘পচা পানির গন্ধে এখানে কোনো ক্রেতা আসে না। কিন্তু টোল (জমা) নিয়মিত ঠিকই দিতে হয়। গত হাটবারের দিন টোল দিতে একটু দেরি হওয়ায় অনেক অপমানজনক কথাও বলে গেছেন টোল আদায়কারী দুলাল হোসেন।’হলুদ ব্যবসায়ী রমেশ, কাপড় ব্যবসায়ী পলাশ মণ্ডল ও হাবিবুর রহমান জানান, ছয় মাস ধরে ড্রেন পরিষ্কার না করায় জমে থাকা পানির পচা দুর্গন্ধে দোকানের সামনে ক্রেতারা আসে না। গুড় ব্যবসায়ী এনামুল হক, সবজি ব্যবসায়ী আবদুল বারীক, মিষ্টি ব্যবসায়ী রমেশ চন্দ্র দাশ জানান, এত বড় একটি হাট অথচ এখানে কোনো পাবলিক টয়লেট বা প্রস্রাবখানা নেই। বাজার করতে আসা উপজেলার মুন্দাইল গ্রামের রকেট চৌধুরী বলেন, হাটে কোনো খাবারের পানির জন্য নলকূপ পর্যন্ত নেই ।হাটের ইজারাদার মুর্শিদুল ইসলাম বলেন, ‘ড্রেনগুলো অল্পদিনে মধ্যে পরিষ্কার করা হবে। মাছপট্টি হাটের মাঝখানে হওয়ায় পানির ব্যবহার বেশি হয় এবং ড্রেনগুলো ঠিকমতো ব্যবহার করা হয় না। আমরা দু-একদিনের মধ্যে ড্রেন পরিষ্কার করব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা বলেন, ইটাখোলা হাটটি নবগঠিত পৌরসভার মধ্যে পড়েছে। হাটের সার্বিক উন্নয়নমূলক কাজ অচিরেই শুরু হবে।’