নর্দমার ময়লা তুলে সড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের সাতমাথা-শেরপুর সড়কের ইয়াকুবিয়া মোড় থেকে মফিজ পাগলার মোড় পর্যন্ত সড়কটির এক পাশ নর্দমার আবর্জনা ও কাদাপানিতে ভরা। পৌরসভা নর্দমা পরিষ্কার করে এর ভেতরের ময়লা তুলে সড়কে ফেলে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সূত্রে জানা গেছে, ২০০৪ সালে সড়ক সম্প্রসারণের সময় সওজের পক্ষ থেকে পানিনিষ্কাশনের জন্য সাতমাথা-শেরপুর সড়কের উভয় পাশে পাকা নর্দমা তৈরি করা হয়। পরে এসব নর্দমা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যাপারে সওজের সঙ্গে বগুড়া পৌরসভার চুক্তি হয়। দীর্ঘ ১৩ বছর পর এ নর্দমা পরিষ্কারের উদ্যোগ নেয় পৌরসভা।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বলেন, সপ্তাহখানেক আগে সাতমাথা-শেরপুর সড়কের দুই পাশে নর্দমাগুলো পরিষ্কার করা হয়। ঢাকনা তুলে ভেতরের সব আবর্জনা, কাদা, নোংরা পানি সড়কে ফেলা হয়। ফলে সড়কজুড়ে এ আবর্জনা ছড়িয়ে যায়। সাতমাথা-শেরপুর সড়কের ইয়াকুবিয়া মোড় থেকে শহীদ আবদুল জোব্বার সড়ক এবং ইয়াকুবিয়া মোড় থেকে মফিজ পাগলার মোড় পর্যন্ত এ আবর্জনা ফেলে রাখা হয়। অথচ এ সড়কটি শহরের সবচেয়ে ব্যস্ত সড়ক। কিছুদিন আগে ইয়াকুবিয়া মোড় থেকে শহীদ আবদুল জোব্বার সড়কটি পরিষ্কার করা হয়। কিন্তু ইয়াকুবিয়া মোড় থেকে মফিজ পাগলার মোড়ের এক পাশ এখনো আবর্জনায় ভরা।

গত রোববার সরেজমিনে দেখা গেছে, ইয়াকুবিয়া মোড় থেকে মফিজ পাগলার মোড় পর্যন্ত দুর্গন্ধময় কাদা ময়লার সঙ্গে নর্দমার পানি উপচে পড়েছে সড়কে। এতে সড়কের পূর্ব পাশে ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল-মোটেল, ক্লিনিক, ব্যাংক-বিমা, শিক্ষাপ্রতিষ্ঠানে চলাচল করা যাচ্ছে না। দুর্গন্ধময় ময়লা কাদাপানি মাড়িয়ে সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। আবর্জনার কারণে পূর্ব পাশের সড়কের অর্ধেকের বেশি অংশ দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না। এদিকে ফুটপাত থেকে সড়কে নামতে পথচারীরা আবর্জনার মধ্যে ইট বিছিয়েছে।

সাতমাথা শেরপুর সড়কের পাশে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বিআইআইটির ক্যাম্পাস। এ প্রতিষ্ঠানে প্রতিদিন কয়েক শ শিক্ষার্থী যাতায়াত করে। যন্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান বলে, এক সপ্তাহ ধরে সড়কজুড়ে কাদা ময়লা পানি। দুর্গন্ধে হাঁটাচলা করা যাচ্ছে না। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নর্দমা থেকে কাদা ময়লা তুলে ফেলে রেখেছেন সড়কে। এ ময়লা মাড়িয়ে ক্যাম্পাসে যাতায়াত করতে হচ্ছে।

সাতমাথা-শেরপুর সড়কের পাশে ম্যাক্স মোটেলের সামনে নর্দমার কাদা ময়লা ও নোংরা পানিতে সয়লাব। ম্যাক্স মোটেলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সাকলাইন বলেন, প্রায় আড়াই মাস আগে এ সড়কের দুপাশে নর্দমা পরিষ্কার করার কাজ শুরু করে পৌরসভা। প্রায় এক সপ্তাহ ধরে মোটেলের সামনের অংশে নর্দমার ময়লা তুলে সড়কে ফেলে রাখায় নোংরা কাদাপানি মাড়িয়ে অতিথি ও দেশি-বিদেশি পর্যটকদের মোটেলে আসতে হচ্ছে। সড়কের এ বেহাল দেখে বিদেশি অতিথিরা নানা প্রশ্ন করছেন। এতে অতিথিদের কাছে চরম বিব্রত হতে হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, নর্দমার কাদা ময়লা সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য পৌরসভাকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

বগুড়া পৌরসভার সহকারী প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ রেজা বলেন, ২০০৪ সালে শহরের প্রধান সড়কের দুপাশে এই নর্দমা তৈরি করা হয়। এরপর থেকে তা আর পরিষ্কার করা হয়নি। দীর্ঘদিন ধরে নর্দমায় মোটরসাইকেল ওয়ার্কশপের ফোম, অপচনশীল বর্জ্য, পলিথিন, প্লাস্টিকের দ্রব্য ফেলায় পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছিল। এ কারণে পৌরসভার পক্ষ থেকে নর্দমা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তরল ময়লা শক্ত করার জন্য কয়েক দিন ধরে সড়কে তুলে রাখা হয়েছে। দু-এক দিনের মধ্যেই এসব ময়লা ট্রাকে তুলে অন্য কোথাও ফেলা হবে।