নর্দমায় পড়ে শিশু নিখোঁজ
ঢাকার সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় গতকাল বৃহস্পতিবার রাস্তার পাশের নর্দমায় পড়ে মিজানুর রহমান (৭) নামের একটি শিশু নিখোঁজ হয়েছে।মিজানুর আড়াপাড়ার পোশাকশ্রমিক কোহিনূর বেগমের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র।স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে দুই বন্ধু মিজানুর (৭) ও তুহিন (৭) রাস্তার পাশে খেলছিল। এ সময় মিজানুর পা পিছলে নর্দমায় পড়ে যায়।তুহিন জানায়, গতকাল সকাল ১০টার দিকে তারা দুজন বাসার পাশে রাস্তায় খেলতে যায়। ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। খেলার একপর্যায়ে মিজানুর পা পিছলে রাস্তার পাশের নর্দমায় পড়ে যায়। ওই সময় আশপাশে লোকজন না থাকায় প্রথমে সে নিজেই মিজানুরকে ওঠানোর চেষ্টা করে। কিন্তু নিজে পড়ে যাওয়ার ভয়ে সে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।স্থানীয় ব্যক্তিরা জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে মিজানুরকে খুঁজে পায়নি। অনেক চেষ্টার পরও তাকে খুঁজে না পেয়ে তাঁরা ফায়ার সার্ভিস ও পৌরসভায় খবর দেন। বিকেলে ফায়ার সার্ভিস ও পৌরসভার কর্মীরা এসে চেষ্টা করেও মিজানুরকে খুঁজে পায়নি। রাত সাড়ে নয়টা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।স্থানীয় লোকজনের অভিযোগ, কয়েক দিন আগে আড়াপাড়া থেকে উত্তরপাড়া পর্যন্ত পাঁচ ফুট প্রশস্ত ও চার ফুট গভীর নর্দমা পরিষ্কার করা হয়। কিন্তু পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন স্থানে নর্দমার ওপরের স্ল্যাব পুনঃস্থাপন না করেই চলে যান। এ রকম একটি খোলা জায়গা দিয়ে মিজানুর নিচে পড়ে যায়। তবে সাভার পৌরসভার কর্মকর্তা মাজাহারুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েকটি স্ল্যাব ভেঙে গেছে। সেগুলো পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহাম্মদ আলী বলেন, নর্দমায় প্রচুর আবর্জনা থাকায় মিজানুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।