নর্দমায় ফেলা হচ্ছে চিকিৎসা বর্জ্য, হুমকিতে পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে সরকারি ও বেসরকারি সব মিলিয়ে পাঁচটি বড় হাসপাতাল ও ১৩১টি ক্লিনিক এবং রোগ নির্ণয়কেন্দ্র রয়েছে। আশপাশের নালা-নর্দমায় ফেলা হচ্ছে এসব প্রতিষ্ঠানের চিকিৎসাবর্জ্য। ফলে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ছড়িয়ে পড়ছে রোগ-জীবাণু। এসব বর্জ্য পুড়িয়ে ফেলার জন্য কয়েক বছর আগে নেওয়া একটি প্রকল্প অনিয়মের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।রংপুরের সিভিল সার্জন রিয়াজুল ইসলাম বলেন, এসব বর্জ্য পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকারক। এসব বর্জ্য থেকে মানবদেহে রোগ-জীবাণু ছড়ায়। ছড়িয়ে-ছিটিয়ে থাকলে তা বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পরিবেশেরও ক্ষতিসাধন করে। তাই এসব বর্জ্য যেখানে-সেখানে না ফেলে পুড়িয়ে ফেলাই উত্তম।২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে চিকিৎসাবর্জ্য পোড়ানোর জন্য সাবেক রংপুর পৌরসভার পক্ষ থেকে শহরের আরকে সড়কের ট্রাকস্ট্যান্ডের পাশে পৌরসভার নিজস্ব খালি জায়গায় ‘এনসেনোটর’ যন্ত্র দিয়ে পুড়িয়ে ফেলার জন্য ‘স্বপ্ন’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই প্রতিষ্ঠানটি এসব বর্জ্য না পুড়িয়ে ওই এলাকার জমিতে পুঁতে রাখত। এমন অভিযোগ ওঠার পর পরিবেশ অধিদপ্তর তদন্ত করে এর সত্যতা পায়। পরে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পৌরসভা কর্তৃপক্ষ প্রকল্পটি বাতিল করে দেয়।পরিবেশ অধিদপ্তর রংপুর কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ওই সংস্থাটির চিকিৎসাবর্জ্য পোড়ানোর কথা ছিল। কিন্তু তা না করে সংস্থাটি বর্জ্য মাটিতে পুঁতে রাখত। এর ফলে তা পরিবেশের জন্য আরও বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। খোঁজ নিয়ে জানা গেছে, শহরে একটি সরকারি হাসপাতাল ছাড়াও গড়ে উঠেছে চারটি বড় বেসরকারি হাসপাতাল, ১৩১টি ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রের কোনোটিতেই বর্জ্য পোড়ানোর কোনো ব্যবস্থা নেই। হাসপাতালের আশপাশের নর্দমাগুলোতে ফেলা হচ্ছে এসব বর্জ্য। পাশাপাশি বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। কাক পাখি এসব বর্জ্য মুখে করে বিভিন্ন স্থানে ফেলছে বলে হাসপাতালসংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন।বেসরকারি হাসপাতাল-ক্লিনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামসুর রহমান বলেন, যন্ত্র না থাকলেও কিছু ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্র নিজেদের মতো ড্রামে করে এসব বর্জ্য পুড়িয়ে ফেলছে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা বলেন, তাঁদের হাসপাতালের বর্জ্য ডাস্টবিনে ফেলা হচ্ছে। সাবেক পৌরসভা কর্তৃপক্ষের (বর্তমানে সিটি করপোরেশন) সঙ্গে আলোচনা সাপেক্ষে তাঁরা দীর্ঘদিন থেকে এ কাজ করছেন। এ বিষয়টি তাদেরই দেখার কথা বলে তিনি মন্তব্য করেন।সিটি করপোরেশেনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘আগের মেয়র বর্জ্য পোড়ানোর জন্য একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু অনিয়মের কারণে তা বন্ধ হয়ে যায়। আমি অল্প কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি। বর্জ্য পোড়ানোর জন্য একটি যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছি।’