নর্দান ইউনিভার্সিটির রাজশাহী ক্যাম্পাসে ভাঙচুর, মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের তালাইমারীতে অবস্থিত নর্দান ইউনিভার্সিটির (রাজশাহী) ক্যাম্পাসে গতকাল শুক্রবার কয়েকজন ছাত্র ও বহিরাগত ভাঙচুর চালিয়েছেন। এ সময় তাঁরা দুজন কর্মচারীকে মারধর করেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাস সূত্র জানায়, সকাল নয়টার দিকে দুজন ছাত্র এসে খোঁজ নেন, হিসাব বিভাগের লোকজন এসেছেন কি না। এর কিছুক্ষণ পরই তাঁরা ১০-১৫ জন বহিরাগত নিয়ে এসে ক্রিকেট স্ট্যাম্প ও হাতুড়ি দিয়ে ভবনের গ্লাস ভাঙতে শুরু করেন। ক্যাম্পাসের কর্মচারী আলিম উদ্দিন বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আটকে রাখা হয়। হামলাকারীরা ভেতরে গিয়ে অভ্যর্থনা ও হিসাব বিভাগের গ্লাস ভাঙচুর করেন। এ ছাড়া তাঁদের বাধা দেওয়ায় তাঁরা আলিমসহ ক্যাম্পাসের আরেক কর্মচারী তাফসিরকে মারধর করেন।নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, দুজন ছাত্রকে দেখে দারোয়ান ভবনের ফটক খুলে দেন। এ সুযোগে ১০-১৫ জন বহিরাগত ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। অভ্যন্তরীণ কোনো বিরোধের কারণে তাঁরা এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।