নলকা সেতু আশা দেখালেও ভোগান্তির শেষ হচ্ছে না

নলকা সেতু চালুর পরও উত্তরবঙ্গমুখী মহাসড়কে চার লেন ও বিআরটি প্রকল্পের কাজের কারণে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

  • উত্তরবঙ্গমুখী মহাসড়কের ১৯০ িকলোমিটার অংশে চার লেনের কাজে ভোগান্তির শঙ্কা।

  • বিআরটি প্রকল্পের জন্য টঙ্গী থেকে চান্দনা পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কে ধীরগতি।

  • মহাস্থানগড় বাজারের উড়াল সেতু খুলে দেওয়া হয়েছে।

ফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদযাত্রায় উত্তরবঙ্গের পথে বছরের পর বছর ভোগান্তির কারণ হয়ে আসছে নলকা সেতু। বঙ্গবন্ধু সেতু পার হয়ে সরু এই সেতু দিয়ে যানবাহন পারাপারে ধীরগতির কারণে দীর্ঘ যানজট ছিল নিয়মিত ঘটনা। সেই যানজটের ধাক্কা এসে পড়ত সাভারের নবীনগর পর্যন্ত। তবে এবার সেখানে সেতু চালু হয়েছে পুরোদমে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত সোমবার খুলে দেওয়া হয় সিরাজগঞ্জে নবনির্মিত নলকা সেতুর দুটি লেন। এর আগে ঈদুল ফিতর উপলক্ষে গত ২৫ এপ্রিল এ সেতুর একটি লেন খুলে দেওয়া হয়েছিল।

এখন দুটি লেন দিয়েই গাড়ি চলাচল শুরু হওয়ায় উত্তর ও উত্তর–পশ্চিমাঞ্চলের ২২ জেলার মানুষের ঘরে ফেরার ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এবারও উত্তরের পথে ভোগান্তি পুরোপুরি শেষ হচ্ছে না। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত মহাসড়কের ১৯০ কিলোমিটার অংশে চলমান চার লেনের কাজ ভোগান্তির শঙ্কা বাড়াচ্ছে।

ভোগান্তির মুখে পড়তে হতে পারে ঢাকা থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহের পথের যাত্রীদেরও। এই মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটারে সংস্কারকাজ চলছে। তাতে যানবাহন চলাচল ধীরগতির হয়ে যানজট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

ঈদ সামনে রেখে উদ্যোগ

ঢাকা থেকে সিরাজগঞ্জ–বগুড়া মহাসড়কে ঈদযাত্রার প্রভাব এখনো পড়েনি। সরেজমিনে গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিরাজগঞ্জের বানিয়াগাঁতী ও নলকা এলাকায় অবস্থান করে মহাসড়কটি অনেকটাই ফাঁকা দেখা গেছে। তবে দুয়েক দিনের মধ্যেই মহাসড়কে ঈদযাত্রার চাপ তৈরি হবে। বিষয়টি সামনে রেখে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

মহাসড়ক চার লেন সম্প্রসারণ প্রকল্পের তদারক সংস্থা এশিয়ান হাইওয়ে সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্প-২–এর পরিচালক ওয়ালিউর রহমান প্রথম আলোকে বলেন, উত্তরাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইতিমধ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে নবনির্মিত নলকা সেতু খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া মহাস্থানগড় বাজারে ৬৩৮ মিটার উড়ালসেতুও খুলে দেওয়া হয়েছে। মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোর সংস্কারকাজ করা হয়েছে।

ওয়ালিউর রহমান জানান, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের বগুড়া থেকে রংপুরের মডার্ন মোড় অংশে আরও কয়েকটি সেতু, কালভার্ট ও উড়ালসেতু খুলে দেওয়া হবে।

উদ্বেগ যেখানে

গতকাল সরেজমিনে দেখা গেছে, চার লেন সম্প্রসারণকাজের কারণে ঢাকা-রংপুর মহাসড়কের চান্দাইকোনা থেকে চাপড়িগঞ্জ পর্যন্ত বগুড়ার ৬৫ কিলোমিটার অংশের কয়েকটি স্থানে ধীরগতিতে গাড়ি চলছে। এতে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে।

এ ছাড়া বগুড়া শহরের তিন মাথা থেকে মাটিডালি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার অংশে রেলওয়ে উড়ালসেতুর নির্মাণকাজ চলছে। আবার চারমাথা ও বারপুরে উড়ালসেতুর নির্মাণকাজ হচ্ছে। এসব জায়গায় একমুখী যানবাহন চলছে। অনেক স্থানে খানাখন্দও তৈরি হয়েছে। যানবাহনের চাপ বাড়লেই তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উড়ালসেতুর নির্মাণকাজ চলায় সেখানেও থেমে থেমে যানজট হচ্ছে। ঈদযাত্রায় সড়কে ভোগান্তির শঙ্কা বাড়াচ্ছে মাটিডালি মোড়ও। মোকামতলা বাজারে উড়ালসেতু নির্মাণকাজ চলার কারণে যানজট হচ্ছে। এখানে জয়পুরহাটগামী বাস চলাচল করছে এক লেন হয়ে।

১২ কিলোমিটার নিয়ে মাথাব্যথা

ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত সড়কের অবস্থা ভালো। সড়ক ভালো রয়েছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলের পথেও। তবে এই পথের যাত্রীদের ভোগান্তির বড় কারণ হয়ে উঠতে পারে টঙ্গী থেকে চান্দনা পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়ক। এখানে বিআরটি প্রকল্পের কাজ চলার কারণে মহাসড়কের দুই পাশের লেন দিয়েই যানবাহন চলাচল করছে। এতে ঈদযাত্রায় ভোগান্তি দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, এরই মধ্যে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। মহাসড়কের কোথাও একমুখী যানবাহন চলাচল করছে, কোথাও সড়ক বন্ধ করে রাস্তার কাজ চলছে। বর্তমানে এই মহাসড়কের টঙ্গী বাজার, স্টেশন রোড ও মিলগেট এলাকায় বিআরটি প্রকল্পের কাজ চলায় প্রায়ই থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। কখনো কখনো অবস্থা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে।