নলকূপ বসাতে গিয়ে মিলল রকেট লঞ্চার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা ভবনের পেছনে গভীর নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত রকেট লঞ্চার পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটি মুক্তিযুদ্ধের সময়কার। গতকাল সোমবার বিকেলে রকেট লঞ্চারটি উদ্ধার করে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, পাঁচলাইশ থানা ভবনের পেছনে খালি জায়গায় একটি গভীর নলকূপ বসানোর জন্য শ্রমিকেরা কাজ করছিলেন। প্রায় তিন ফুট গর্ত করার পর শ্রমিকেরা রকেট লঞ্চারটি উদ্ধার করেন।
পরে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে রকেট লঞ্চারটি নিয়ে আসে।
বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা জানান, রকেট লঞ্চারটি উদ্ধার করে নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে রাখা হয়েছে। এটির কোনো কার্যক্ষমতা নেই। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধকালে এটি মাটির নিচে রাখা হয়েছিল। আরও পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনে বিস্ফোরণ ঘটানো হবে।