নলকূপ বসানোর সময় বেরিয়ে এল গ্যাস
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের পাইকপাড়া গ্রামে গত মঙ্গলবার একটি বাড়িতে নলকূপ বসানোর সময় গ্যাসের উদ্গিরণ ঘটে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় চলাচল ও আগুন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান গতকাল শুক্রবার বলেন, তিনি বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেছেন। সেখানে সরকারি উদ্যোগে গ্যাসের অনুসন্ধানসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আগামী রোববার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হবে।
ওই গ্রামের কৃষক জামিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে মিস্ত্রিরা নলকূপ বসানোর কাজ শুরু করেন। বেলা ১১টার দিকে মাটির ৬০ ফুট গভীরে পাইপ বসানোর পর বিকট শব্দে প্রায় ২০ ফুট পাইপ বেরিয়ে আসে। এরপর পাইপের চারপাশ দিয়ে বুদ্বুদ শব্দে গ্যাস বের হতে থাকে। পাইপের মুখ দিয়েও গ্যাস মিশ্রিত বালু ও পানি বের হয়। ভীত হয়ে মিস্ত্রিরা পাইপ বসানো বন্ধ এবং বসানো পাইপ তুলে ফেলেন। এরপরও গ্যাস বের হতে থাকে।
প্রত্যক্ষদর্শী রাফে আহমেদ খলিল বলেন, ‘মিস্ত্রিরা ভয় পেয়ে ডাকাডাকি করলে সেখানে আমিসহ বেশ কিছু লোক ছুটে যাই। ওয়াসিম আকরাম নামের একজন সেখানে আগুন লাগিয়ে দিলে তা জ্বলতে থাকে।’
নলকূপ বসানোর কাজে নিয়োজিত মিস্ত্রি লক্ষ্মীপুর গ্রামের মদিন হোসেন বলেন, দুই সহকারী শহীদুল ইসলাম ও শহিদ হোসেনকে নিয়ে ১০০ ফুট গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেন তিনি। ৬০ ফুট গভীরে পাইপ বসানোর পর ওই ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমি ২৮ বচর ধইরে টিউকল মিস্ত্রির কাজ করচি। আগে কুনুদিন অ্যারাম গ্যাস দেকিনি। ভয়ে গর্তে বালি দিয়ে গ্যাস উটা বন্দ কইরে দিই।’
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে মানুষের ভিড়। যেখান থেকে গ্যাস উদ্গিরণ হয়েছিল, সে জায়গাটি খেজুরের কাটা দিয়ে ঘেরা। আশপাশে আগুনে ঝলসে বিবর্ণ হয়ে যাওয়া কয়েকটি গাছ। কয়েকজন তরুণ মুঠোফোনে ধারণ করা গ্যাসের উদ্গিরণ ও আগুন জ্বলার দৃশ্য দেখান।
আইলহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিনাজ উদ্দিন বলেন, ‘এক বছর আগে পাশের নিশ্চিন্তপুর গ্রামের টগা হোসেনের বাড়িতে এভাবে গ্যাসের সন্ধান পাওয়া যায়। কিন্তু সরকারি উদ্যোগ চোখে পড়েনি। মাত্র এক থেকে দেড় কিলোমিটারের ব্যবধানে আবার গ্যাসের সন্ধান পাওয়ার ঘটনাটি অনেক সম্ভাবনাময়। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ করছি।’