ভোলার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একমাত্র নলকূপটি আট মাস ধরে বিকল হয়ে পড়ে থাকায় প্রায় দেড় হাজার ছাত্রী ভোগান্তি পোহাচ্ছে। বিদ্যালয়ে বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা না থাকায় তাদের আশপাশের বাড়িতে যেতে হচ্ছে।বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী জানায়, নলকূপটি বছর খানেক আগে বিকল হয়। এরপর এটি আর সংস্কার করা হয়নি। ফলে বিদ্যালয়ে ছাত্রীরা খাওয়ার পানি পাচ্ছে না। পানির অভাবে বিদ্যালয়ের শৌচাগারগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। তাই প্রকৃতির ডাকে সাড়া দিতে তাদের প্রায়ই আশপাশের বাড়িতে ছুটতে হচ্ছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ পারভীন বলেন, গত বছরের আগস্টে নলকূপটি বিকল হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে।ভোলার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবু সাঈদ বলেন, ‘আমি আজই (মঙ্গলবার) নলকূপ বসানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব।’শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে কোনো লিখিত চিঠি পাইনি। তা ছাড়া বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে যেসব কর্মসূচির তালিকা তৈরি হয়, তাতেও ওই বিদ্যালয়ে নলকূপ বসানোর বিষয়টি স্থান পায়নি।’