নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাসের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় নলকূপ স্থাপন করতে গিয়ে কৃষিজমিতে গ্যাসের সন্ধান পেয়েছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাটেরকান্দা গ্রামের আবদুর রাজ্জাকের জমিতে তাঁরা এ গ্যাসের সন্ধান পান।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুর রাজ্জাক তাঁর জমিতে পানি দেওয়ার জন্য একটি ইঞ্জিনচালিত অগভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা করেন। সে মোতাবেক গত মঙ্গলবার বাড়ির পূর্ব পাশে কৃষিজমিতে ১০০ ফুট নিচ পর্যন্ত পাইপ বসানোর জন্য মিস্ত্রি দিয়ে নলকূপ স্থাপনের জন্য গর্ত করেন। মিস্ত্রিরা পাইপ ৪৫ ফুট নিচে দেওয়ার পর তা আটকে যায়। অনেক চেষ্টা করেও পাইপ নিচে নিতে না পেরে একপর্যায়ে মিস্ত্রিরা বিশ্রাম নিতে যান।
মিস্ত্রিরা বিশ্রামের পর এসে দেখতে পান, মাটির নিচে থাকা পাইপ স্বয়ংক্রিয়ভাবে ওপরে উঠে গেছে। এ সময় তাঁরা পাইপের সঙ্গে কালো রঙের পানি বের হতে দেখেন। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তাঁরা গর্তের মুখে মাটি দিয়ে ফিরে আসেন।
পরদিন গতকাল দুপুরে মিস্ত্রিরা স্থান পরিবর্তন করে অন্য জমিতে অগভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত নিয়ে পুনরায় আগের জায়গায় যান। সেখানে তাঁরা গর্তের মুখ দিয়ে গ্যাস বের হতে দেখেন।
খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদির ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও মাহমুদ হাসান বলেন, ‘খবর পেয়ে মনোহরদী তিতাস গ্যাস সাব-স্টেশনের প্রকৌশলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক পরীক্ষায় এটি মিথেন গ্যাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্রুত পেট্রোবাংলার কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হবে। সংশ্লিষ্ট বিভাগ গ্যাস নির্গমনের স্থানটি পর্যবেক্ষণ করার পর বাস্তব অবস্থা বলা যাবে।’