নলকূপের গর্তে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি স্কুলে গভীর নলকূপের পরিত্যক্ত কূপে পড়ে রুমানুর রহমান (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে হাবিবুল ইসলাম (৬) নামে তার এক সহপাঠী। গতকাল শনিবার সকালে সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় অবস্থিত হায়দরাবাদ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমানুর টঙ্গীর বনমালা রোড এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে। আর আহত হাবিবুল হায়দরাবাদ এলাকার আমির আলীর ছেলে। তারা হায়দরাবাদ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের নার্সারির শিক্ষার্থী।
নিহত রুমানুরের পরিবার ও এলাকাবাসী জানান, সকালে স্কুল প্রাঙ্গণের বাইরে খেলার সময় হঠাৎ পরিত্যক্ত ওই কূপে পড়ে যায় রুমানুর ও হাবিবুল। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে হাবিবুলকে তুলে আনেন। কিন্তু রুমানুর গর্তের গভীরে চলে যায়।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, তাঁরা ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী শিশু দুটিকে উদ্ধার করেন। গর্তে পড়ার পর রুমানুরের ওপর বালুর চাপ পড়ায় অক্সিজেনের অভাবে সে মারা যায়।
হায়দরাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, গত জানুয়ারিতে শিক্ষাঙ্গনের মূল ভবনের কাছে আরেকটি ভবন ভাড়া নিয়ে দ্বিতীয় শাখা চালু করা হয়। কয়েক মাস আগে ওই ভবনের সামনে এর মালিক আবুল হাসেম একটি গভীর নলকূপ স্থাপন করেন। কিন্তু পানি ভালো না ওঠায় পাইপসহ তা আবার তুলে গর্তটি বালু দিয়ে ভরাট করা হয়। অধ্যক্ষ রুহুল আমিন বলেন, গত দুই দিনের বৃষ্টিতে সেখানে চোরাবালির মতো হয়ে যায়, যা কেউ বুঝতে পারেনি। সকালে ওই কূপেই পড়ে যায় রুমানুর ও হাবিবুল।
এ ব্যাপারে কথা বলতে ভবনমালিক আবুল হাসেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্বজনেরা বলেছেন, গভীর নলকূপটি স্কুল কর্তৃপক্ষই স্থাপন করেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দুই বাসিন্দা মন্তব্য করেন, এ দুর্ঘটনায় ভবনমালিক ও স্কুল কর্তৃপক্ষ সমানভাবে দায়ী। কারণ গর্তটি ভালোভাবে ভরাট করা হয়নি। এ ছাড়া দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে হয়তো রুমানুরকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।