নলকূপের পরিচালনাকারী পরিবর্তনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতআনি জামিরা গ্রামের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের পরিচালনাকারী (অপারেটর) পরিবর্তনের দাবি জানানো হয়েছে। সেচের জন্য অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ তুলে কৃষকেরা ওই অপারেটরকে পরিবর্তনের দাবি জানান।

স্থানীয় প্রায় ৭০ জন কৃষক ও জমির মালিক ওই পরিচালনাকারীর বিরুদ্ধে ৮ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিএমডিএ) বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন। একইভাবে ওই পরিচালনাকারী ভুয়া কৃষকেরা তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে নলকূপটি দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে ইউএনওসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

গত শুক্রবার দুপুরে ওই গ্রামে সরেজমিনে দেখা গেছে, গভীর নলকূপের অধীনে আশপাশের জমিগুলো শুকনো অবস্থায় পড়ে রয়েছে। এসব জমির আশপাশের অন্য গভীর নলকূপের অধীনের জমিগুলো চাষাবাদের জন্য প্রস্তুত করার কাজ প্রায় শেষ।

গ্রামের শহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, আবদুল মজিদসহ ৩০ জন কৃষক অভিযোগ করেন, গভীর নলকূপটি ২০০৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এ নলকূপের অধীনে সাতআনি জামিরা, টাকামতি, রঞ্জয়পুর, আমবাড়ী, পুটিহার, নয়ানী জামিরা, ধরন্দা এবং দাউদপুর গ্রামের প্রায় ৭০ জন  কৃষকের দেড় শ বিঘা জমিতে সেচ দেওয়া হয়। গভীর নলকূপটি স্থাপনের পর থেকে নলকূপ পরিচালনাকারী আবদুল মান্নান বিএমডিএর নির্ধারিত সেচ চার্জের চেয়ে অতিরিক্ত চার্জ আদায় করতেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর বিএমডিএর কর্মকর্তার উপস্থিতিতে ১১ সদস্যের কমিটির মাধ্যমে গভীর নলকূপটি পরিচালনা করা হয়।

কৃষকেরা অভিযোগ করেন, আবদুল মান্নান প্রতি বিঘা উঁচু জমিতে সেচ দেওয়ার জন্য ১ হাজার ৬০০ টাকা এবং নিচু জমিতে এক হাজার টাকা নিতেন। পরে ১১ সদস্যের কমিটি প্রতি বিঘা উঁচু জমিতে সেচের পানি দেওয়ার জন্য এক হাজার টাকা এবং নিচু জমিতে ৬০০ টাকা করে নিয়েছেন।

কৃষকেরা আরও অভিযোগ করেন, এ বছর আবদুল মান্নান ওই কমিটি দিয়ে আর গভীর নলকূপ চালাতে দিতে রাজি হচ্ছেন না। এর প্রতিবাদে নলকূপ পরিচালনাকারী পরিবর্তনের দাবি জানিয়েছেন।

আবদুল মান্নান দাবি করে বলেন,  প্রতিষ্ঠার পর থেকে সেচ কমিটি কর্তৃক নির্ধারিত চার্জের অতিরিক্ত কোনো টাকা তিনি নেননি।

বিএমডিএর নবাবগঞ্জ উপজেলা দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আজমল হক জানান, ঘটনাস্থলে গিয়ে সবার সঙ্গে পরামর্শ করে আব্দুল হামিদ নামের একজনকে নলকূপ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে।