নলকূপের পাইপ দিয়ে বেরোচ্ছে গ্যাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি নলকূপ থেকে পানির বদলে গ্যাস বেরোচ্ছে। উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জামাল উদ্দিন নামের এক ব্যক্তির বসতঘরের নলকূপ থেকে এ গ্যাস বেরোচ্ছে এক মাস ধরে।

গতকাল বুধবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে নলকূপ থেকে গ্যাস বেরোচ্ছে বলে নিশ্চিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করবেন বলে জানান।

ঘটনাটি সরেজমিন দেখতে গতকাল বিকেলে ওই এলাকায় যান ইউএনও ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের দুই কর্মকর্তা। তাঁদের একজন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন। তিনি বলেন, নলকূপের পাইপে দেশলাই জ্বালালে আগুন জ্বলে ওঠে। আগুনের উচ্চতা দেড় থেকে দুই ফুট। প্রাথমিকভাবে এটিকে পকেট গ্যাস (পরিমাণে অল্প) বলেই মনে হচ্ছে। এরপরও এ বিষয়ে বাপেক্সকে চিঠি দেওয়া হবে।

নলকূপের মালিক জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মাসখানেক আগে বাড়ির সামনে ৪ ইঞ্চি ব্যাসের ৪২০ ফুট পাইপ পুঁতে একটি গভীর নলকূপ স্থাপন করেন। প্রথম দুই দিন সামান্য পানি উঠে পরে বন্ধ হয়ে যায়। ভেতর থেকে বুদ বুদ শব্দ আসতে থাকে। পরে মিস্ত্রিকে খবর দেওয়া হলে তিনি চেষ্টা করেও পানি ওঠাতে ব্যর্থ হন। একপর্যায়ে নলকূপের ভেতর থেকে বুদ বুদ শব্দ বেড়ে যায়। তখন তাঁরা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে ধরার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। পরে পাটের বস্তা দিয়ে আগুন নেভানো হয়।