নলকূপের পাইপে গ্যাস
পাবনা পৌরসভার চক জয়েনপুর গ্রামে নলকূপের পাইপ দিয়ে বের হওয়া গ্যাসে একটি পরিবারের রান্না চলছে। সোমবার নলকূপের পাইপে গ্যাসের আলামত টের পেয়ে ওই পরিবারের সদস্যরা মাটি দিয়ে চুলা তৈরি করে রান্না শুরু করে। বাড়ির মালিক আবদুল গফুর জানান, দুই বছর আগে তিনি নলকূপটি বসান। এত দিন নলকূপ দিয়ে ভালোভাবেই পানি উঠছিল। হঠাৎ করে পানি ওঠা বন্ধ হয়ে পাইপের মধ্যে শব্দ হতে থাকে। ৫ মার্চ তিনি নলকূপটি সরিয়ে পাশে অন্য একটি স্থানে বসান। এরপর কয়েক দিন ভালোভাবেই পানি উঠছিল। হঠাৎ করে আবার পানি ওঠা বন্ধ হয়ে যায়। সোমবার সকালে তিনি নলকূপটি মেরামতের জন্য ওপরের অংশ খুলে ফেলেন। এ সময় পাইপ দিয়ে গ্যাস বের হতে থাকে। পরে সেখানে আগুন দিলে তা জ্বলতে থাকে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই বাড়ির সদস্যরা পাইপের চারপাশে মাটি দিয়ে চুলা তৈরি করেছেন। চুলায় জ্বলছে গ্যাসের আগুন। উৎসুক লোকজন তা দেখতে সেখানে ভিড় জমিয়েছেন। আবদুল গফুরের পুত্রবধূ মুক্তা খাতুন জানান, গত তিন দিন ধরে তাঁরা এই চুলায় রান্না করছেন। দুই বেলা ভালোভাবেই রান্না হচ্ছে। এ ছাড়া সারাক্ষণ পাইপের মুখে আগুন জ্বলছে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক শৈলদানন্দ বসাক বলেন, এ ধরনের গ্যাস দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে এ গ্যাসে রান্না করা বা আগুন জ্বালানো ঝুঁকিপূর্ণ। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।