নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পুরাতন হাট গ্রামে গত মঙ্গলবার নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে চারটি ঘর ভাঙচুর এবং লুটপাটের খবর পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুরাতন হাট গ্রামের মৃত আবদুল আজিজ শেখের দুই ছেলে আবুল কালাম শেখ (৩৫) ও হায়দার শেখ (৩০) পাশাপাশি বসবাস করেন। তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। গত মঙ্গলবার সকালে প্রতিবেশী এক নারী কালামের নলকূপ থেকে পানি আনতে গেলে কালামের স্ত্রী ইয়াসমিন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই নারী এ ব্যাপারে কালামের মা মীরজান বেগমের (৬০) কাছে নালিশ করেন। মীরজান বেগম বিষয়টি কালামকে বলতে গেলে কালাম তাঁর মুখ চেপে ধরেন। এ ঘটনা হায়দার জানতে পেরে ক্ষিপ্ত হয়ে কালামের স্ত্রী ইয়াসমিনকে মারধর করেন। এ খবর পেয়ে একই গ্রামের বাসিন্দা ইয়াসমিনের বাবার বাড়ির লোকজন এসে হায়দারকে পিটিয়ে মারাত্মক আহত করে। হায়দার বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার রাত নয়টার দিকে গ্রামে গুজব রটে যায় হায়দার মারা গেছেন। এ গুজবে হায়দারের পক্ষের প্রায় ১৫০ থেকে ২০০ লোক ইয়াসমিনের চাচা নওয়াব আলী ফকির ও জহুরুল ফকিরের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। হামলাকারীরা চারটি টিনের ঘর শাবল, দাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর ও লুটপাট করে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ এ ব্যাপারে নওয়াব আলী ফকির ও লিপি বেগম বাদী হয়ে দুটি মামলা করেছেন।