সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামে সুতা রং ও প্রক্রিয়াকরণের কারখানার কারণে আশপাশের সব নলকূপের পানি দূষিত হয়ে পড়েছে। এই পানি পান ও ব্যবহার করায় অনেকেই জটিল চর্মরোগে আক্রান্ত হচ্ছে। প্রচণ্ড দুর্গন্ধ ছড়ানোর কারণে এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে।স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সয়দাবাদ গ্রামের মাঝখানে জনবসতির মধ্যে গড়ে তোলা হয়েছে রাবেয়া নামের ওই কারখানা। কারখানার দূষিত বর্জ্য পাশেই একটি গর্ত করে ফেলা হচ্ছে। মাটির মধ্যে গর্ত করে ও সেখানে পাইপ দিয়ে এই দূষিত বর্জ্য পানির স্তরে চলে যাচ্ছে। ফলে এলাকার অধিকাংশ নলকূপের পানি দুর্গন্ধযুক্ত ও দূষিত হয়ে পড়েছে। এলাকাবাসী কারখানাটি বন্ধ বা স্থানান্তর করার জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে আবেদন করেছে। তার পরও কোনো প্রতিকার পায়নি।সয়দাবাদ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম, আলতাফ হোসেন, তারা মিয়াসহ অনেকের অভিযোগ, এলাকাবাসীর বিরোধিতা সত্ত্ব্বেও পাঁচ-ছয় বছর আগে জনবসতির মধ্যে কারখানাটি স্থাপন করা হয়। কারখানার দূষিত বর্জ্য পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ স্তরে দেওয়া হচ্ছে, যা ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে এলাকার নলকূপের পানি বিষাক্ত করে ফেলেছে। এই পানি পান ও ব্যবহার করা যাচ্ছে না। লোকজন দূর থেকে পানি এনে পান করছে।কারখানার পাশের বাসিন্দা তাঁত ব্যবসায়ী আবদুল মোমিন বলেন, দুই বছর ধরে নলকূপের পানি দুর্গন্ধময় হয়ে পড়েছে। এই পানি ব্যবহার করায় তাঁর মা মনোয়ারা বেগম (৬০) চর্মরোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে চিকিৎসা করাতে তিনি এখন ঋণগ্রস্ত। বিষয়টি নিয়ে অভিযোগ করায় কারখানার মালিক তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন। গত মাসে তাঁর স্ত্রীও চর্মরোগে আক্রান্ত হয়েছেন। স্থানীয়রা জানান, কারখানার নিকটবর্তী এলাকার বাসিন্দা মানিক ঘোষ চর্মরোগে আক্রান্ত হয়ে বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে টাঙ্গাইলে মেয়ের বাড়িতে গিয়ে উঠেছেন।এ বিষয়ে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শৌপ্তিক আহমেদ বলেন, কারখানাটি স্থানান্তর করার জন্য মালিককে বলা হয়েছে। স্থানীয় উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আবুল হাশেম জানান, এলাকায় চর্মরোগের সংখ্যা অনেক বেড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের ল্যাবরেটরি টেকনিশিয়ান রফিকুল ইসলাম জানান, সয়দাবাদ এলাকায় কোনো রং করার কারখানার অনুমতি নেই। অভিযোগ পেলে এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।কারখানার মালিক মো. আবুল হাশেম পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকার বিষয়টি স্বীকার করে জানান, এলাকায় পাওয়ারলুম থাকায় কারখানাটি স্থাপন করা হয়েছে। কারখানার বর্জ্য যাতে ছড়িয়ে না যায়, সে জন্য গর্ত করে একটি স্থানে রাখা হচ্ছে, সেখান থেকে আপনাআপনিই শুকিয়ে যায়। এলাকার মানুষের খাবার পানি সরবরাহ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্জ্য পরিশোধনাগার স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী তবিবুর রহমান তালুকদার জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। এ রকম কারখানার দূষিত বর্জ্যের অনেক কিছু থাকে, এর মধ্যে ক্রোমিয়াম ধাতু সবচেয়ে বেশি ক্ষতিকর। প্রশাসনের সঙ্গে আলাপ করে কারখানার বর্জ্য ও সংশ্লিষ্ট এলাকার নলকূপের পানি পরীক্ষা করা হবে। তারপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান, বিষয়টি জানার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিকভাবে বলা হয়েছে।