নলকূপের বিদ্যুৎ বিচ্ছিন্ন ৪০০ বিঘায় আবাদ বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুরের দুটি গভীর নলকূপের আওতাধীন প্রায় ৪০০ বিঘা বোরো জমির সেচ বন্ধ রয়েছে। সেচের পানি ও সার দিতে না পেরে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
নিয়ম না মেনে নলকূপ চালানোর অভিযোগে গত শনিবার বিকেলে নওহাটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ মহাদেবপুরের ভীমপুর ইউপির খোদ্দনারায়ণপুর গ্রামে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
ওই গ্রামের তিনজন কৃষক জানান, বোরো ধান চাষের মাঝামাঝি সময়ে এসে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করায় তাঁরা জমিতে সেচ পাচ্ছি না। পানির অভাবে শেষবারের মতো সার দিতে না পারায় ধানের ফলন নিয়ে তাঁরা শঙ্কায় পড়েছেন।
গভীর নলকূপের অপারেটর রাব্বানী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বরেন্দ্র কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটর হিসেবে কাজ করছি। আমাদের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে নওহাটা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়।’
অপারেটর আশরাফ আলী বলেন, ‘কী কারণে নলকূপের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে তা আমাদের জানানো হয়নি।’
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক নুরুর রহমান জানান, সরকারি নিয়ম অনুযায়ী রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ-চালিত গভীর নলকূপ ও অগভীর নলকূপ চালানোর নিয়ম আছে। কিন্তু অপারেটররা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে দিনের বেলায় নলকূপ চালানোর কারণে বিচ্ছিন্ন করা হয়েছে।