নলছিটিতে ছাত্রীকে পেটালেন শিক্ষক
ঝালকাঠির নলছিটি শহরের শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গতকাল বৃহস্পতিবার বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষক।আহত ছাত্রীর বাবা বেলায়েত হোসেন অভিযোগ করেন, বৃহস্পতিবার বেলা ১১টায় ক্লাস চলাকালে সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক বিমল কৃষ্ণ মণ্ডল তাঁর মেয়ের কাছে ওই দিনের পড়া হয়েছে কি না জানতে চান। পড়া মুখস্থ না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শিক্ষক বেত দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন। একপর্যায়ে মাথায় আঘাত লাগলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিষয়টি অষ্টম শ্রেণীর অন্য শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে পরিবারকে জানায়। অভিভাবকেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাসেল আহম্মেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা দিলে ওই ছাত্রীর জ্ঞান ফিরে আসে। আহত ছাত্রী বলে, ‘পড়া না হওয়ায় আমাকে বেত দিয়ে বিমল স্যার পিটিয়েছেন। আমি তাঁর কাছে ক্ষমা চেয়েছি, তার পরও আমাকে মারধর করেন।’এ ব্যাপারে শিক্ষক বিমল কৃষ্ণ মণ্ডল জানান, ক্লাসের পাঠদান মুখস্থ করে আসার কথা ছিল। ওই ছাত্রী এতে ব্যর্থ হওয়ায় বেত দিয়ে সামান্য আঘাত করা হয়েছে। ওই ছাত্রী আগে থেকে অসুস্থ থাকায় অজ্ঞান হয়ে পড়ে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘সরকারি বিধান রয়েছে, কোনো শিক্ষার্থীকে শারীরিক অথবা মানসিক আঘাত করা যাবে না। যদি ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তা হলে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’