নলছিটিতে জেএমবি সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সোহাগ তালুকদার ওরফে আসিককে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার সরই গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন বরিশাল র্যাব-৮-এর সদস্যরা।সোহাগকে নলছিটি থানায় সোপর্দ করেছে র্যাব। গতকাল শনিবার দুপুরে র্যাব-৮ বরিশাল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোহাগকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।র্যাব-৮-এর মেজর রাশেদুল হক খান সাংবাদিকদের বলেন, সোহাগ জেএমবির বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানের সঙ্গে নাশকতামূলক কাজে সহযোগিতা করছিলেন। প্রশাসন যাতে তাঁদের কার্যক্রম সম্পর্কে জানতে না পারে সে জন্য সোহাগ জেএমবির গোপন সংবাদদাতা এবং নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ পৌঁছে দেওয়ার কাজ করতেন। র্যাব কর্মকর্তা বলেন, সোহাগ ২০০৮ সালের ২৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি বাড়িতে জেএমবির সঙ্গে গোপন বৈঠক করেন। ওই সময় পুলিশের টহল দল সেখানে অভিযান চালিয়ে জেএমবির প্রচারপত্র, বইসহ গুরুত্বপূর্ণ মালামাল জব্দ করে এবং জেএমবির দুই শুরা সদস্যকে গ্রেপ্তার করে। কিন্তু সোহাগ পালিয়ে যান। ওই ঘটনায় করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সোহাগ। তিন বছর ধরে র্যাব সোহাগের ওপর নজরদারি করে। সোহাগ এবার ঈদ উপলক্ষে নলছিটিতে গ্রামের বাড়ি আসেন। এ খবরে গত শুক্রবার দিবাগত রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।