নলছিটিতে দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার কৃষক মুনসুর খান হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এ মামলায় দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বজলুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলি গ্রামের দুই ভাই মো. জামাল খান ও খলিল খান এবং একই এলাকার সোহরাব তালুকদার। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথিসূত্রে জানা গেছে, ২০০০ সালের ২২ অক্টোবর নাঙ্গুলি গ্রামের কৃষক মুনসুর খানের বাড়িতে গভীর রাতে আট-দশজনের একদল লোক ঢোকে। পরিবারের সবাইকে বেঁধে মুনসুরকে হত্যা করা হয়। এ ছাড়া তাঁর ছেলে আবদুল মজিদ খানকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় মজিদ খান বাদী হয়ে পর দিন ২৩ অক্টোবর নলছিটি থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। ঝালকাঠি সিআইডির পরিদর্শক শেখ আবুল খায়ের দীর্ঘ তদন্ত শেষে আদালতে সাতজনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেন। আদালত পাঁচজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৫ আগস্ট অভিযোগ গঠন করেন।

এ বিষয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) এম আলম খান কামাল বলেন, এই মামলায় মোট ১৫ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আদালত দুই ভাইসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। তা ছাড়া অপর দুই ভাই রুস্তুম আলী ও জাকির খানকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন।