নলছিটিতে বিএম কলেজের ছাত্রী খুন
ঝালকাঠির নলছিটিতে শারমিন আক্তার (২১) নামের এক ছাত্রী খুন হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার তিমিরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন ওই গ্রামের আবুল কালামের ছোট মেয়ে। তিনি বিএম কলেজের দর্শন বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।নলছিটি থানা ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে শারমিন একই বাড়ির চাচার ঘর থেকে নিজের ঘরে ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। শারমিনের চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শারমিন নিজের বাড়ি থেকে বরিশাল বিএম কলেজে যাওয়া-আসা করতেন।শারমিনের মা রোকেয়া বেগম বলেন, ‘শারমিনের চিৎকার শুনে ঘরের পেছনের দরজা খুলে দেখি, তার গলা দিয়ে রক্ত ঝরছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। কারা, কেন আমার মেয়েকে খুন করল, কিছুই বুঝতে পারছি না। পুলিশ যেন খুনিদের খুঁজে বের করে।’নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, শারমিনের গলায় দুটি ও ডান হাতে একটি জখম পাওয়া গেছে। এ ঘটনায় শারমিনের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।