নলছিটিতে যাত্রার নামে অশ্লীলতা বন্ধের দাবি
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুরে যাত্রার নামে অশ্লীলতা ও সমাজবিরোধী কার্যকলাপ বন্ধের দাবি জানানো হয়েছে। এসব দাবিতে গতকাল শুক্রবার স্থানীয় মুসল্লিরা নলছিটি শহরে মিছিল ও সমাবেশ করেছেন।জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লিরা হাইস্কুল মসজিদের সামনে জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল হাদী ও নলছিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী বক্তব্য দেন। বক্তারা বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালীন কিছু অসাধু লোক যাত্রার নামে অশ্লীলতা ও সমাজবিরোধী কার্যকলাপ শুরু করেছে। এতে এলাকাবাসী ও অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এ ধরনের সমাজবিরোধী কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে গত বুধবার থেকে সুবিদপুরে যাত্রা শুরু হয়েছে। যাত্রার নামে কোনো অসামাজিক কার্যক্রম চলতে দেওয়া হবে না।