নলছিটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
ঝালকাঠির নলছিটিতে যুবলীগের নেতা মোত্তাকি বিল্লাহকে (৩২) কুপিয়ে জখম করেছে একই সংগঠনের দুই কর্মী। গত সোমবার রাতে শহরের বিআইপি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোত্তাকি বিল্লাহ উপজেলা যুবলীগের সদস্য।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সোমবার রাত ১১টার দিকে বিআইপি কলোনি এলাকায় মোত্তাকি বিল্লাহর ওপর অতর্কিত হামলা চালান যুবলীগের কর্মী রুহুল আমিন তালুকদার ও রফিকুল ইসলাম। এ সময় তাঁরা রামদা ও দা দিয়ে কুপিয়ে মোত্তাকি বিল্লাহকে জখম করেন।
মোত্তাকি বিল্লাহকে প্রথমে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ওপর হামলা করেছে রুহুল ও রফিকুল।’ রুহুল আমিন তালুকদার বলেন, ‘মোত্তাকি বিল্লাহর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি তাঁকে আঘাত করিনি। রফিকুলের সঙ্গে তাঁর পুরোনো দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে।’ নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।