নলছিটিতে রাস্তা কেটে ফেলায় সাতটি পরিবার বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটিতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাস্তা কেটে ফেলায় সাতটি পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। গত বুধবার উপজেলার কাপড়কাঠি গ্রামে চলাচলের একমাত্র পথটি কেটে ফেলায় চার দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে এসব পরিবার।

এলাকাবাসী ও এসব পরিবার সূত্রে জানা যায়, কুলকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনুছ ফকিরের সঙ্গে একই এলাকার হালিম ফকির, মোশারেফ হাওলাদার ও পলাশ ফকিরের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ করেন মোশারেফ। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিষদের পক্ষ থেকে সালিস মীমাংসার প্রক্রিয়া চলছিল। এর আগেই হালিম ফকির দলবল নিয়ে ইউনুছ ফকিরের চলাচলের একমাত্র রাস্তাটি কেটে খালের সঙ্গে মিশিয়ে দেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, রাস্তা কাটার ব্যাপারে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।