নলছিটিতে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটিতে স্কুলছাত্রী রিপা আক্তার ধর্ষণ ও হত্যার ঘটনায় শফিকুল ইসলাম নামের এক যুবককে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। শফিকুল নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের আবদুর জব্বারের ছেলে ও নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র।নাঙ্গুলী গ্রামের দিনমজুর হানিফ মল্লিকের মেয়ে ও দক্ষিণ নাঙ্গুলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রিপা আক্তারের লাশ গত রোববার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী খালের পাশ থেকে উদ্ধার করে নলছিটি থানার পুলিশ। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, মেয়েকে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে রিপার বাবা হানিফ রোববার দুপুরে চারজনকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তার হওয়া শফিকুল ওই মামলার প্রধান আসামি।ঝালকাঠি থানার উপপরিদর্শক মো. গোলাম মোস্তফা জানান, শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় ঘোরাফেরার সময় শফিকুলকে জাপটে ধরেন নিহত রিপার চাচা আক্তারুজ্জামান মল্লিক। এ সময় আসামি শফিকুল ইসলাম তাঁকে মারধর করে দৌড়ে পালিয়ে যান। একপর্যায়ে শফিকুল বাহের রোডের একটি বাড়িতে আশ্রয় নিলে ওই বাড়ির লোকজন তাঁকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে ঝালকাঠি থানার পুলিশ সেখানে গিয়ে শফিকুলকে গ্রেপ্তার করে।ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, ধর্ষণজনিত নির্যাতনের কারণে রিপার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের ক্ষত রয়েছে।