নলছিটিতে হিজবুত তওহিদের আটজন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁদের কাছ থেকে কয়েকটি ইসলামি বই ও ৩০০ লিফলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিমিরকাঠি ও ভরতকাঠি এলাকায় র‌্যাব অভিযান চালায়। এ সময় তিমিরকাঠি গ্রামের হারুন অর রশীদের বাড়ি থেকে নাছিমা বেগম, আল-আমিন খান, শারমিন বেগম ও মাসুদ হাওলাদার এবং ভরতকাঠি গ্রামের নুর হোসেনের বাড়ি থেকে খাদিজা আক্তার, হেনা নাসরিন, আইয়ুব আলী খান ও মো. রায়হানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ধর্মভিত্তিক সংগঠন হিজবুত তওহিদের সদস্য বলে জানান। স্বীকারোক্তি অনুযায়ী তাঁদের বাড়ি থেকে সংগঠনটির পাঁচটি ইসলামি বই ও ৩০০ লিফলেট উদ্ধার করা হয়েছে। তাঁরা কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।এদিকে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারেন মর্মে বরিশাল র‌্যাবের উপপরিচালক দেলোয়ার হোসেন গতকাল নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।