নলছিটিতে ১২টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঝালকাঠির নলছিটি পৌর শহরের ১২টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নলছিটি পৌরসভার মেয়রের নেতৃত্বে ঝুঁকিপূর্ণ এসব ভবনে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
এ সময় ওই ভবনগুলোতে বসবাসকারী ব্যক্তিদের আগামী সাত দিনের মধ্যে এসব ভবন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নলছিটির ইউএনও শাহ মোহাম্মদ কামরুল হুদা, পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহামুদ ওই দিন বেলা ১১টার দিকে পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ এই ভবনগুলো শনাক্ত করেন এবং সেগুলোকে বসবাসের অনুপযোগী ঘোষণা-সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
পৌর কর্তৃপক্ষ সূত্র জানায়, দীর্ঘ দিন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন বিআইপি কলোনির নয়টি ভবন, বিদ্যুৎ বিভাগের একটি, কৃষি বিভাগের একটি বীজাগার ও পৌরসভার পুরোনো একটি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিআইপি কলোনির ভবনগুলোতে পরিবার-পরিজন নিয়ে গৃহহীন ও দুস্থ বেশ কয়েকটি পরিবার বসবাস করে। যেকোনো সময় এসব ভবন ধসে পড়তে পারে।