নলছিটির ইউএনওর অপসারণের দাবিতে মিছিল ও মানববন্ধন
দুর্নীতির অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে তাঁর কার্যালয় ঘেরাও, মিছিল ও মানববন্ধন করেছেন কয়েকজন মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধি। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব কর্মসূচি পালিত হয়।
দুপুর ১২টার দিকে ইউএনও শাহ মোহাম্মদ কামরুল হুদার অপসারণের দাবিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কয়েকজন মুক্তিযোদ্ধা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা ইউএনওর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, কুলকাঠি ইউপির চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান, মোল্লারহাটের ইউপি চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ। এরপর তাঁরা এক ঘণ্টা ইউএনওর কার্যালয় ঘেরাও করে রাখেন। বক্তারা ইউএনওকে দুর্নীতিপরায়ণ দাবি করে বলেন, তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
ইউপি চেয়ারম্যানরা বলেন, ইউএনওকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কাজের বিলে সই করানোর জন্য বরাদ্দের ৫ শতাংশ টাকা দিতে হয়, না দিলে তিনি স্বাক্ষর করেন না।
ইউএনও শাহ মোহাম্মদ কামরুল হুদা বলেন, ‘ইউপি চেয়ারম্যানদের চাহিদামাফিক কাজ করতে না পারায় তাঁরা আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। আমি দুর্নীতির সঙ্গে জড়িত নই।’