নলছিটির মেয়র সাময়িক বরখাস্ত
ঝালকাঠির নলছিটির পৌর মেয়র মো. মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌর আইন ২০০৯-এর ৩২(১)-এর আওতায় অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে বরখাস্ত করে।
গতকাল বুধবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে সাময়িক বরখাস্তের চিঠি ফ্যাক্সযোগে পাঠানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর শাখার উপসচিব রেহানা ইয়াসমিন চিঠিতে স্বাক্ষর করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে নলছিটির পৌর মেয়র মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি বরখাস্ত আদেশের চিঠি পাইনি, তবে স্থানীয় সাংসদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রতিহিংসার বশবর্তী হয়ে দীর্ঘদিন যাবত্ আমাকে বরখাস্তের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। বরখাস্ত আদেশের চিঠি পেলে আমি উচ্চ আদালতে আদেশ চ্যালেঞ্জ করব।’
২০১১ সালের পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন মুজিবুর রহমান। গত বছর কয়েকজন ঠিকাদার মুজিবুর রহমানের বিরুদ্ধে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৩২ লাখ টাকার মাটির কাজের টাকা আত্মসাতের অভিযোগ আনেন। এই অভিযোগে তাঁরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন। মন্ত্রণালয় গঠিত কমিটি সরেজমিন তদন্ত করে দুর্নীতির সত্যতা খুঁজে পায় বলে জানা গেছে।