নলজুর নদী না খাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীতে এখন সবুজের সমারোহ। নদীর বুকে জলের তরঙ্গ হারিয়ে গেছে। তার বদলে ফসলের সবুজ বাতাস দোল খায়। স্থানীয়রা বলছেন, একসময় এ নদী দিয়ে বড় বড় নৌযান চলাচল করত। এখন এটি নদী না খাল, তা দেখে চেনার উপায় নেই।নদীটি ভরাট হয়ে এখন ফসলি জমিতে পরিণত হয়েছে। কৃষকেরা নদীর তলদেশে বোরো আবাদ করছেন, রাখালেরা গরু চড়ায়, কিশোরেরা ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠে। অথচ একসময় এই নদী দিয়ে লঞ্চ, স্টিমারসহ বড় বড় নৌযান চলাচল করত। কালের প্রভাবে সেই চিত্র আর নেই। বিশাল এ নদীটি সম্পূর্ণ ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমেও এখন আর এ নদী দিয়ে বড় নৌযান চলাচল করতে পারে না। এলাকাবাসী জানান, জগন্নাথপুর বাজার দিয়ে বয়ে যাওয়া নদীটি একসময় ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ ছিল। এ নদী দিয়ে নৌকায় করে ন্যূনতম খরচে রাজধানী ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, আজমিরীগঞ্জ, ছাতকসহ দেশের বিভিন্ন স্থানে মালামাল পৌঁছানো যেত। নদী ভরাট হয়ে শুধু নাব্যতাই হারায়নি, এর দুই পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ইতিমধ্যে নামে-বেনামে নদীপাড়ের জায়গা বেদখল করে গড়ে উঠেছে দোকান, আবাসিক হোটেল, ঘরবাড়ি, স্থায়ী-অস্থায়ী বিভিন্ন স্থাপনা।জগন্নাথপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী তছলিম উদ্দিন আক্ষেপের সুরে বলেন, নদীটি কুশিয়ারা ও মাহসিং নদী হয়ে সুনামগঞ্জের সুরমার সঙ্গে যুক্ত হয়েছে। একসময় এ নদী দিয়ে লঞ্চ, স্টিমারসহ বড় বড় নৌযান চলাচল করত। এখন এটি নদী না খাল চেনার উপায় নেই।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে কোনো তদারকি না থাকায় অবৈধ দখলদারদের কারণে নদীটির অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। নদীর বুকে অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা পদক্ষেপ নেব।’